২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টিম’-এ অ্যাকাউন্ট বিভ্রাট

মার্কিন ভিডিও গেইম ডেভেলপার ভালভ-এর স্টিম প্লাটফর্মের গেইমারদের কতজন বড়দিনে স্যান্টার কাছ থেকে ‘সারপ্রাইজ’ পেয়েছেন সে ব্যাপারটা নিশ্চিত নয়, তবে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে ভড়কে গিয়েছিলেন তাদের অনেকেই। নিজস্ব লগ-ইন ক্রেডিনশিয়াল দেওয়ার পর যদি অন্য কারও ক্রেডিট কার্ডের তথ্যসহ যাবতীয় ব্যক্তিগত ডেটা সামনে চলে আসে তবে খানিকটা ভড়কে যাওয়াই তো স্বাভাবিক!

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বড়দিনে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে গেইমারদের অনেকেই অন্যদের অ্যাকাউন্টের সব তথ্য দেখতে পারছিলেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

গেইমাররা ভালভ-এর স্টিম প্লাটফর্মে গিয়ে নিজ অ্যাকাউন্টে লগইন করার পর স্বয়ংক্রিভাবেই সাইটটি ওই গেইমারদেরকে অন্য গেইমারের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দেখানো শুরু করেছিল। এসব তথ্যের মধ্যে ছিল অন্য গেইমারের ইমেইল অ্যাড্রেস, ক্রেডিট কার্ড নম্বর, ওই গেইমার আগে কী কী কিনেছেন ইত্যাদি। এমনকি অন্যান্য গেইমারের অ্যাকাউন্টেও প্রবেশ করা সম্ভব হচ্ছিল বলে জানিয়েছে ভার্জ।

ভালভ ওই নিরাপত্তা ত্রুটির ব্যাপারটি ধরতে পারার পর তাৎক্ষনিক এক রেডিট পোস্টে জানিয়েছিল, “বিষয়টি ঠিক করার জন্য কাজ চলছে।” তবে ঠিক কী কারণে ওই অ্যাকাউন্ট বিভ্রাট সূত্রপাত, সে বিষয়টি এখনও পরিস্কার নয় বলে জানিয়েছে ভার্জ।

পরবর্তীতে ওই ত্রুটির সমাধান করে ভালভ-এর মুখপাত্র বলেন, “স্টিম আবার ফিরিয়ে আনা হয়েছে এবং এখন পর্যন্ত সাইটটিতে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। আজকে দিনের শুরুতে কনফিগারেশন পরিবর্তনের কারণে এক ঘন্টারও কম সময়ের জন্য এই সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে অন্য গেইমারদের অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হচ্ছিল। ওই ইসুর সমাধান করা হয়েছে। আমাদের ধারণা, এখন আর এ ধরনের কোনো সমস্যা হবে না এবং ব্যবহারকারীদেরও অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।”