২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে রকেট লিগ-এর জয়যাত্রা

২০১৫ সালে গেইমিং জগতের সবচেয়ে বড় ‘সাকসেস স্টোরি’ বলা হচ্ছে ‘রকেট লিগ’-কে। ২০১৬ সালেও বুঝি অব্যাহত থাকবে গেইমটির জয়যাত্রা। প্রমাণ, এক মাসের ব্যবধানে গেইমটির নিয়মিত গেইমারের সংখ্যা ৮০ লাখ থেকে বেড়ে এখন প্রায় ৯০ লাখ ছুঁতে চলেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 10:19 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

গেইমিংবিষয়ক সাইট গেইমস্পট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রকেট লিগ-এর এই ধারাবাহিক সাফল্যের খবর জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান সায়োনিক্স। পাশাপাশি ২০১৬ সালে কয়েকটি বড় ঘোষণা আসবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে আরও ‘বড়’ অনেক কিছু অপেক্ষা করছে বলে প্লেস্টেশন ব্লগে জানিয়েছে সায়োনিক্স। আগামী কয়েক মাসে বেশ কয়েকটি ‘উত্তেজনাপূর্ণ ঘোষণা’ আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

“বরাবরের মতো আমরা আমাদের গেইমটিকে যত ভাবে সম্ভব সমর্থন দিয়ে যাবো। নতুন কনটেন্ট, নতুন মোড, নতুন ডিএলসি, নতুন অ্যারিনা এবং আরও অনেক কিছু দিয়ে যার কারণে আপনি গেইমটিতে ২০১৬ সালেও বারবার ফিরে আসবেন।”—বলেন রকেট লিগের মার্কেটিং ডিরেক্টর জেরেমি ডানহাম। 

পাশাপাশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে ডানহাম আরও বলেন, “আমরা এই বছর যা অর্জন করেছি এবং আগামীতে যা অর্জন করবো তা আপনাদের ছাড়া সম্ভব ছিল না। আপনারা রকেট লিগ নিয়ে আমাদের স্বপ্ন সত্যি করতে সাহায্য করেছেন।”

পিসি এবং পিএস৪ প্ল্যাটফর্মে রকেট লিগের অভিষেক চলতি বছরের জুলাই মাসে। ২০ লাখ ডলার বিনিয়োগ করে তৈরি গেইমটি থেকে এর মধ্যেই ৫ কোটি ডলার আয় করেছেন এর নির্মাতা এবং প্রযোজকরা।