গুগল-মাইক্রোসফটের ‘স্যান্টা ট্র্যাকার’
বড়দিন উপলক্ষ্যে আবারও স্যান্টা ট্র্যাকার ওয়েবসাইট চালু করেছে দুই শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফট। দুটি সাইট থেকেই অনুসরণ করা যাবে স্যান্টা ক্লসকে!
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের স্যান্টা ট্র্যাকার ওয়েবসাইটে আছে কান্টোমাইজড ম্যাপস যা থেকে শিশুরা দেখতে পারবে স্যান্টার অগ্রগতি, কতোগুলো উপহার দেওয়া হল, ইত্যাদি। সাইটটিতে ‘কোড বুগি’ নামের গেইমও রেখেছে গুগল, যা শিশুদের সহজ কোডিং শেখাবে। সাইটটি থেকে বড়দিন নিয়ে বিভিন্ন দেশের ঐতিহ্য সম্পর্কেও শিখতে পারবে শিশুরা। টেকক্রাঞ্চের মতে সাইটটি নিয়ে বাচ্চারা মেতে থাকলে সেই সুযোগে অভিভাবকরা হয়তো বাচ্চাদের জন্য কেনা উপহারগুলো শেষ মুহুর্তে সাজিয়ে নেওয়ার সুযোগটা পাবেন।
অন্যদিকে স্যান্টাকে খোঁজার জন্য মাইক্রোসফট জোট বেঁধেছে ‘নর্থ অ্যামেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড (নোর্যাড)-এর সঙ্গে। আর বিং, উইন্ডোজ ম্যাপস, মাইক্রোসফট এজ এবং কর্টানাসহ একাধিক নিজস্ব টুল কাজে লাগিয়ে এবার স্যান্টা ট্র্যাকার আপগ্রেড করেছে মাইক্রোসফট।
উইন্ডোজ ১০ ডিভাইস আর মাইক্রোসফট এজ ব্রাউজারের জন্য সাইটটিতে আছে রং করার জন্য বই। সাইটটতে আরও আছে একাধিক গেইম, বড়দিন নিয়ে গান আর সিনেমা, শিক্ষামূলক কনটেন্ট।
আইওএস, অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য ‘নোর্যাড ট্র্যাকস স্যান্টা’ অ্যাপও চলে এসেছে অ্যাপস্টোরগুলোতে। তবে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল স্যান্টাকে খুঁজতে কর্টানার ব্যবহার—জানিয়েছে টেকক্রাঞ্চ। মাইক্রোসফটের এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস জানা যাবে স্যান্টা এখন কোথায়, কী বা করছেন, ইত্যাদি।
