শিশুর শেখায় প্রভাব ফেলে খেলনা
বিভিন্ন রঙের আলো ছড়ায়, মজার সব শব্দ এমনকি গান গায় এমন বৈদ্যুতিক খেলনাগুলো শিশুদের ভাষা শিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলে বলে এক সাম্প্রতিক গবেষণায় আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
নতুন এক গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বই, কাঠের পাজল আর রাবার ব্লকের মতো প্রচলিত খেলনার বদলে বৈদ্যুতিক খেলনা দিয়ে খেললে ভাষার ব্যবহার তুলনামূলক কম শেখে শিশুরা।
এ প্রসঙ্গে গবেষক অ্যানা সোসা বলেন, “এই ফলাফল শিক্ষামূলক খেলনা হিসেবে প্রচার করা হয় এমন বৈদ্যুতিক খেলনাগুলোর ব্যবহার নিরুৎসাহিত করে।”
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই গবেষণার জন্য ১০ থেকে ১৬ মাস বয়সী ২৬টি শিশু আর তাদের অভিভাবকের নিয়ে পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। তবে এক্ষেত্রে গবেষকরা সরাসরি উপস্থিত থেকে অভিভাবক আর শিশুদের পর্যবেক্ষণ করেনি বরং অডিও রেকর্ডিং ডিভাইসের মাধ্যমে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করেছেন।
অংশগ্রহণকারীদের তিন ধরনের খেলনার দেওয়া হয়েছিল। বৈদ্যুতিক খেলনার মধ্যে ছিল একটি বেবি ল্যাপটপ, একটি টকিং ফার্ম, এর একটি বেবি সেলফোন। প্রচলিত খেলনার মধ্যে ছিল কাঠের পাজল, আর ছবিসহ রাবার ব্লক। সেই সঙ্গে ছিল গৃহপালিত প্রাণীসহ বিভিন্ন বস্তুর রঙিন ছবি আছে এমন পাঁচটি বই।
গবেষকরা দেখেন বৈদ্যুতিক খেলনা দিয়ে খেলার সময় শিশুরা অপেক্ষাকৃত কম শব্দ শিখছে। অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টাও হচ্ছে কম। সোজা কথায় নতুন নতুন শব্দ শেখা বা ভাষার ব্যবহার শেখার ক্ষেত্রে পিছিয়ে থাকছে ওই শিশুরা।
