‘হ্যালো কিটি’ এখন নিরাপদ
নিরাপত্তা ব্যবস্থার ক্রুটির কারণে সাইবার হামলার ঝুঁকিতে ছিলেন ৩৩ লাখ হ্যালো কিটি ভক্ত। সেই সাইবার নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে বলে নিশ্চিত করেছে হ্যালো কিটি ফ্র্যাঞ্চাইজের মালিক প্রতিষ্ঠান স্যানরিও।
হ্যালো কিটি হচ্ছে জাপানি কার্টুন নির্মাতা প্রতিষ্ঠান স্যানরিও-এর একটি কার্টুন চরিত্র যার রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা।
স্কাই নিউজ জানিয়েছে, ‘স্যানরিওটাউন ডটকম’ ওয়েবসাইটটির নিরাপত্তা ব্যবস্থার ক্রুটি সমাধান করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার এক সাইবার নিরাপত্তা গবেষক সাইটটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আবিষ্কার করেন। ওই ত্রুটি কী ভাবে তৈরি হল তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সানরিও।
নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এমন সার্ভারগুলোর অ্যাড্রেস জানা থাকলেই হ্যাকাররা ব্যবহারকারীদের নাম ও জন্ম তারিখসহ বিভিন্ন ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে পারতো বলে সতর্ক করে দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এমনকি এনক্রিপ্ট করা পাসওয়ার্ডও অ্যাকসেস করতে পারতো হ্যাকাররা, তবে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য ঝুঁকিমুক্ত আছে বলে দাবি করেছিল সানরিও।
নিজস্ব ওয়েবসাইটে দেওয়া নিরাপত্তা নির্দেশনামূলক এক বিবৃতিতে স্যানরিও-এর পক্ষ থেকে বলা হয়, “আমরা সমস্যা তদন্ত করে এর সমাধান করেছি এবং ঝুঁকিপূর্ণ সার্ভারগুলো সুরক্ষিত করেছি।”
‘হ্যালো কিটি’ ওয়েবসাইটটি ব্যবহারকারীদের প্রায় দুই লাখ সদস্যই অপ্রাপ্তবয়স্ক, যারা বিভিন্ন গেইম খেলা, ভিডিও দেখা বা নিজেদের পছন্দের চরিত্রের সম্পর্কে খবর রাখতে ওই সাইট ব্যবহার করতেন।
