২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হাজার ডলারের হোভারবোর্ড!

আক্ষরিক ও আলঙ্কারিক, উভয় অর্থেই ২০১৫ সাল ছিল হোভারবোর্ডের বছর। বছরের শেষ দিকে এসে একাধিকবার নানা দুর্ঘটনার জন্ম দিয়ে সংবাদের শিরোনামে এসেছে হোভারবোর্ড নামের স্কুটারগুলো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

যদিও হোভারবোর্ডের মূল ভাবনার সঙ্গে মিল নেই এদের, বাতাসে ভাসার পরিবর্তে চাকার উপর নির্ভরশীল ছিল যানগুলো। আবার সাই-ফাই মুভির হোভারবোর্ডগুলোর মতো বাতাসে ভাসতে পারে এমন হোভারবোর্ডও তৈরি হয়েছে চলতি বছর। সেই তালিকায় সর্বশেষ যোগ হল আর্কাস্পেস-এর তৈরি হোভারবোর্ড, ‘আর্কাবোর্ড’।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, একজন আরোহীকে নিয়ে টানা ছয় মিনিট বাতাসে ভেসে থাকতে পারে আর্কাবোর্ড। ভাসমান অবস্থায় এটিকে সামনে-পেছনে বা ডানে-বামে কোনো দিকে নেওয়ার তেমন কোনো উপায় নেই বললেই চলে। কেবল ভেসে থাকাই এর কাজ।

আর্কাবোর্ডের ৩৬টি বৈদ্যুতিক পাখা থেকে ২৭২ হর্সপাওয়ার উৎপন্ন হয় বলে জানিয়েছেন এর নির্মাতারা। ভেসে থাকার সময় ভারসাম্য রক্ষার জন্য এতে সেলফ-ব্যালেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে আর্কাবোর্ডের বাজারজাতকরণে বেশ জোরোশোরেই নেমেছে আর্কাস্পেস। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, “বাইসাইকেল, অটোমোবাইল আর অ্যারোপ্লেনের পর আর্কাবোর্ড যোগাযোগের মাধ্যম হিসেবে একটি বৈপ্লবিক সাফল্য। প্রথমবারের মতো একজন মানুষ যে কোনো সময়, যে কোনো জায়গায় উড়তে সক্ষম হবেন।”

যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল প্রচলনের জন্য আর্কাবোর্ডকে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে এটা বলার অপেক্ষা রাখে না। তবে এর মধ্যেই এর নির্মাতারা হোভারবোর্ডটির দাম নির্ধারণ করেছেন ১৯ হাজার ৯শ’ ডলার।