২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ক্ষতিপূরণ চায় অ্যাপল

সম্প্রতি আইফোনের ডিজাইন নকল ও পেটেন্ট আইন লঙ্ঘনের মামলায় হেরে অ্যাপলকে ৫৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে স্যামসাং। এর মধ্যেই আবার দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটির কাছ থেকে আরও ক্ষতিপূরণ দাবি করে মার্কিন আদালতে আবেদন করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

রয়টার্স জানিয়েছে, বুধবার আদালতে করা ওই আবেদনে পেটেন্ট নকলের ক্ষতিপূরণ আর তার বকেয়া সুদ মিলিয়ে স্যামসাংকে আরও প্রায় ১৮ কোটি ডলার দিতে হবে বলে দাবি করেছে অ্যাপল।

২০১১ সালে পেটেন্ট আইন লঙ্ঘন আর আইফোনের নকশা নকলের অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। ২০১২ সালে ওই মামলার রায়ে স্যামসাংকে ৯৩ কোটি ডলার ক্ষটিপূরণ দিতে বলে মার্কিন আদালত।

স্যামসাংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর মে মাসে মোট ক্ষতিপূরণের অংক থেকে ৩৮ কোটি ২০ লাখ ডলার কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র আদালতের আপিল বিভাগ। ১৪ ডিসেম্বর আদালতের রায় অনুযায়ী অ্যাপলকে ক্ষতিপূরণ হিসেবে ৫৪ কোটি ৮০ লাখ ডলার পরিশোধ করে স্যামসাং।

শুধু ওই একটি মামলাই নয়, স্মার্টফোন বাজারের এই দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বীর মধ্যে আরও আইনি লড়াই চলছে। পাওনার চাইতে বেশি ক্ষতিপূরণ পেয়েছে অ্যাপল, এমন অভিযোগ করে আদালতে আপিল করে বসেছে স্যামসাং। স্যামসাংয়ের ওই দাবি আদও গ্রহন করা হবে কি না, প্রথমে সেটা যাচাই করে দেখবে মার্কিন আদালত। অন্যদিকে বাকি ক্ষতিপূরণ নিয়ে স্যামসাংয়ের আপিলের শুনানি হবে ২০১৬ সালের মার্চে।