২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটিং সহজ করতে হিঞ্জের নতুন ফিচার

সাধারণত ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা পছন্দের মানুষ খুঁজে পাওয়ার পর শুরুতেই কী কথা বলবেন তা নিয়ে ইতস্তত বোধ করেন, এ ধরনের সমস্যার কথা চিন্তা করে নতুন ফিচার চালু করেছে অনলাইন ডেটিং অ্যাপ হিঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তরিক হাসনাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

মার্কিন সংবাদমাধ্যম এবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হিঞ্জ-এর নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী আরও সহজে পছন্দের মানুষ খুঁজে নিতে পারবেন। প্রথমবার কথা বলার সময় কী বলা যেতে পারে সে ব্যাপারেও সাহায্য করবে অ্যাপটির নতুন ফিচার।

ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে নানা প্রশ্ন করবে হিঞ্জ অ্যাপটি। প্রশ্নগুলোর উত্তর না দিলেও কোনো সমস্যা নেই। তবে ওই প্রশ্নের উত্তরের ভিত্তিতে পছন্দের মানুষের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরুর জন্য বিষয় খুঁজে দেবে অ্যাপটি। এতে শুরুতেই দুজন মানুষের মধ্যে যে জড়তা কাজ করে সেটা কাটিয়ে উঠা ওনেকটাই সহজ হবে।

হিঞ্জ-এর প্রধান নির্বাহী জাস্টিন ম্যাকলিওড এ প্রসঙ্গে বলেন, “আমার মতে ডেটিং-এর উদ্দেশ্যই হচ্ছে একটি সুন্দর সম্পর্ক খুঁজে পাওয়া, কিছু পারস্পারিক আগ্রহ বা অভিজ্ঞতা শেয়ার করা। মানুষকে যত দ্রুত সম্ভব ওই স্তরটিতে নিয়ে আসতে সহায়তা করার চেষ্টা করছি আমরা।”

ম্যাকলিওড আরও জানান, হিঞ্জ-এর নতুন ফিচার যখন পরীক্ষা করা হয়, তখন সাধারণ ব্যবহারকারীরা তাদের প্রথম সপ্তাহে গড়ে ১২০টি করে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। অ্যাপের প্রশ্নগুলো পরিবর্তন করে নতুন প্রশ্ন যোগ করার কথাও জানান তিনি।