‘স্নুপার্স চার্টার’ প্রসঙ্গে অ্যাপল
এনক্রিপশন প্রযুক্তি নিয়ে সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলমান বিতর্কের এখনও কোনো সমাধান দেখা যাচ্ছে না। অন্যদিকে এই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
সংবাদমাধ্যম স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারের দাবি এনক্রিপশন প্রযুক্তির কারণে সাধারণ জনগণ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, তাই এটি দুর্বল করে দেওয়া উচিত। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উত্তর এনক্রিপশন দুর্বল করলে সমস্যার সমাধান তো হবেই না, উল্টো আরও বাড়বে।
যুক্তরাজ্য সরকারের ‘ইনভেস্টিগেটরি পাওয়ার্স বিল’ বা ‘স্নুপার্স চার্টার’ এখনও অস্পষ্ট। সরকারের ভাষ্য মতে, বিলটি প্রাইভেসির জন্য মোটেও ক্ষতিকর নয়। সমস্যা সমাধানে অ্যাপলের এগিয়ে আসাটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল বলেই জানিয়েছে স্কাইনিউজ।
সম্প্রতি অ্যাপল ওই খসড়া আইন প্রসঙ্গে বলেছে, “এটি অপরাধী, সন্ত্রাসী বা হ্যাকারদের আটকাবে না, উল্টো সাধারণ জনগণকে হুমকির মুখে ঠেলে দেবে।” প্রতিষ্ঠানটি আরও বলেছে, “সরকারি এই প্রস্তাবে সম্মতি দিলে লাখও নাগরিকের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হবে।”
অনেকদিন ধরে এনক্রিপশন নিয়ে বিতর্ক চললেও সরকার বা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এনক্রিপশন নিয়ে কী করা যায়, সে প্রসঙ্গে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। নভেম্বর মাসের শুরুতে যুক্তরাজ্যের ‘ইনভেস্টিগেটরি পাওয়ার্স বিল’-এর খসড়া প্রকাশিত হয়। খসড়া আইনটির সাহায্যে যুক্তরাজ্য সরকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের এনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করাতে বাধ্য করতে পারবে। এ ছাড়াও প্রকাশিত খসড়া বিলে রয়েছে, ওয়েব এবং ফোন কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের ১২ মাসের ইন্টারনেট হিস্টোরি সংরক্ষণ করতে হবে।
