এপ্রিলে ‘আইফোন ৬সি’!
অনেকদিন ধরেই প্রযুক্তিপণ্যের বাজারে জোর গুজব ‘আইফোন ৬সি’ নামের তুলনামূলক কম দামের আইফোন বাজারজাত করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি চীনের প্রযুক্তিবিষয়ক সাইট মাইড্রাইভার্স ডটকম-এ প্রকাশিত এক ছবির কারণে আরও জোরালো হয়েছে সেই গুজব।
সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে চীনের টেলিকম জায়ান্ট ‘চায়না মোবাইল’-এর পরিকল্পনা নিয়ে আয়োজিত এক উপস্থাপনার ছবি প্রকাশ করেছে মাইড্রাইভার্স ডটকম। ওই ছবিতে এপ্রিল মাস বা তার পরে অভিষেক হতে পারে এমন পণ্য হিসেবে লেখা ছিল ‘ফিউচার অ্যাপল আইফোন ৭সি’-এর নাম। তবে ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যমটি।
কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেষক মিং-চি কুয়ো ‘নতুন স্বল্পমূল্যের আইফোন আনা হতে পারে’ এমনটা জানানোর পর থেকেই ওই গুজবের শুরু বলে জানিয়েছে সিএনএন। কুয়ো-র অ্যাপলবিষয়ক অধিকাংশ অনুমান এখন পর্যন্ত সত্য প্রমাণিত হওয়ার কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে কম দামের নতুন আইফোনের গুজব।
নভেম্বর মাসে কুয়ো জানিয়েছিলেন, ২০১৬ সালে অ্যাপল চার ইঞ্চি ডিসপ্লের নতুন আইফোন বাজারে নিয়ে আসতে পারে। নতুন ওই আইফোনে অন্যান্য আইফোনের মতো এত বেশি ফিচার থাকবে না এবং ‘প্লাস্টিক’-এর বদলে ‘মেটাল’ কেসিং থাকবে বলে জানান তিনি।
তবে গুজব জোরালো হলেও তাতে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে সিএনএন। কারণ হিসেবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি ওই ছবিটি সত্যিও হয়, তাহলেও নামের বিষয়টি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফোনের নাম আইফোন ৬সি নাকি ৭সি হবে, সে বিষয়টিই এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আর অ্যাপল-এর মতো প্রতিষ্ঠান নাম ঠিক করলেও তা চায়না মোবাইলকে আগেভাগেই জানিয়েছে, সে বিষয়টি ঠিক বিশ্বাসযোগ্য নয়।
