স্ট্রিমিং সেবায় বিটলস-এর গান
কিংবদন্তী ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গানগুলো এখন থেকে পাওয়া যাবে একাধিক মিউজিক স্ট্রিমিং সাইটে। স্ট্রিমিং সাইটগুলোর মধ্যে রয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, গুগল প্লে, টাইডাল এবং অ্যামাজন প্রাইম মিউজিকসহ মোট নয়টি সাইট।
বিটলস-এর ভাঙ্গনের চার দশক পর ডিজিটাল ভাবে গানগুলোকে প্রথম একই জায়গায় আনা হয় আইটিউনসে। ২০১০ সালে আইটিউনসে গানগুলো মুক্তির পাঁচ বছর পর সেগুলো এখন স্থান পাচ্ছে অন্যান্য স্ট্রিমিং সাইটগুলোতেও।
মিউজিক স্ট্রিমিং সেবাগুলোতে ‘বিটলস’-এর গানের অন্তর্ভূক্তি ব্যান্ডটির গানগুলোর গুরুত্ব ধরে রাখবে বলে বিশ্বাস মিউজিক স্ট্রিমিং নিউজ সাইট ‘সিএমইউ’ এর সহ প্রতিষ্ঠাতা ক্রিস কুক-এর। “ডিজিটাল প্রক্রিয়ায় আমরা বিটলস এর গানগুলোকে অনেক দেরিতেই নিয়ে এসেছি। এখন আমরা আশা করতেই পারি এই স্ট্রিমিং সাইটগুলোর মাধ্যমে গানগুলো সবখানে পৌঁছাবে।”
অন্যান্য স্ট্রিমিং সেবাগুলোর মধ্যে রয়েছে ডিজার, মাইক্রোসফট গ্রুভ, ন্যাপস্টার এবং স্ল্যাকার রেডিও- যারা ‘দ্য বিটলস’ এর গানগুলো ক্যাটালগ অন্তর্ভূক্ত করেছে। স্ট্রিমিং সেবাগুলোর সঙ্গে চুক্তি অনুসারে, ব্যান্ডটির ১৩টি স্টুডিও অ্যালবামের মোট ২২৪টি গান শোনা যাবে ওই সাইটগুলোর মাধ্যমে।
ডিসেম্বরের ২৪ তারিখ থেকে ওই সাইটগুলোর ব্যবহারকারীরা স্ট্রিমিং করে ‘বিটলস’ জনপ্রিয় সব গান শোনার সুবিধা পাবেন।
