২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাপে বর: সফটওয়্যার ত্রুটি

উন্নত বিশ্বের সব কাজের ক্ষেত্রেই নিয়ে আসা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। এতে কাজ সহজ আর মান উন্নত হওয়ার কথা থাকলেও হিতে বিপরীত হওয়ার ঘটনা নেহাত বিরল নয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

আর সেই জটিলতা যে কতটা গুরুতর হতে পারে তা বোঝা যায় যুক্তরাষ্ট্রের কারাগারে ব্যবহৃত সফটওয়্যারের ত্রুটির উদাহরণ থেকে। সফটওয়্যারের ছোট একটি ত্রুটির কারণে কারাদণ্ড শেষ হওয়ার আগেই ছাড়া পেয়ে গেছেন ৩ হাজার ২শ’রও বেশি অপরাধী। 

কারাবন্দীদের ভাল আচরণের জন্য তাদের কারাভোগের সময় কমিয়ে আনার রীতি প্রচলিত আছে। সফটওয়্যার ত্রুটির ফলে ওই সময় কমানোর হিসাবে গরমিল হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভাল আচরণের জন্য সাজা কমানোর পরেও যতদিন কারাভোগ করার কথা তার আগেই মুক্তি পেয়েছেন ওই ৩ হাজার ২শ’ অপরাধী। ২০০২ সাল থেকে সফটওয়্যারটি ব্যবহার করছিল স্থানীয় কর্তৃপক্ষ।

আগেই মুক্তি পেয়ে যাওয়া ওই অপরাধীদের এ নিয়ে খুশি হওয়ার কিছু নেই। কারাদণ্ড শেষ করার জন্য তাদের আবারও ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়াশিংটনের গভর্নর জে ইনসলি এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, “১৩ বছর ধরে ওই সফটওয়্যারে ক্রুটিটি আছে। বিষয়টি আমাকে হতাশ করেছে, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

আসামী কারাদণ্ড শেষ হওয়ার আগেই মুক্তি পেয়ে গেছেন--২০১২ সালে এক ভুক্তভোগীর পরিবার এমন অভিযোগ তুললে ওই সমস্যা নজরে আসে ওয়াশিংটনের ডিপার্টমেন্ট অফ কারেকশনস (ডিওসি)-এর। কিন্তু ডিওসির প্রধান আইটি কর্মকর্তা পরিবর্তন না হওয়া পর্যন্ত গুরুত্ব পায়নি ত্রুটিপূর্ণ সফটওয়্যার ইসু।

বিবিসি জানিয়েছে, আগেভাগেই মুক্তি পাওয়া অপরাধীরা গড়ে ৪৯ দিন কম কারাদণ্ড ভোগ করেছেন। এর মধ্যে একজন অপরাধী আছেন যার কারাদণ্ড কমেছিল ৬শ’ দিন। তবে আগেভাগেই মুক্তি পাওয়া ওই অপরাধীরা নতুন কোনো অপরাধে সম্পৃক্ত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

কারাদণ্ড শেষ না করেই মুক্তি পাওয়া অপরাধীদের ফিরিয়ে আনতে চেষ্টা করছে স্থানীয় পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। 

ডিওসি-কে যত জলদি সম্ভব ওই সফটওয়্যার ঠিক করার আদেশ দেওয়ার দাবি করেছেন ইনসলি। কেন ওই জটিলতা এতদিন ঠিক করা হলো না সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।