২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ড্রোন: রক্ষা অল্পের জন্য

বেপরোয়া ড্রোন উড়ানো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্বজুড়ে। মঙ্গলবার ইতালিতে অ্যালপাইন স্ল্যালম রেইস চলাকালে অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন অস্ট্রিয়ান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মার্সেল হির্সচার। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 08:26 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বিবিসি জানিয়েছে, নিজের দ্বিতীয় রান নেওয়ার সময় ক্যামেরা বহনকারী এক ড্রোন দূর্ঘটনার কবলে পড়ে। হির্সচারের পেছনে মাত্র কয়েক সেন্টিমিটার দূরেই পরে ড্রোনটি।

এই ঘটনার পরও, হির্সচার দ্বিতীয় স্থানে থেকে রেইস শেষ করেন। প্রথম হওয়া নরওয়ে-এর হেনরিক ক্রিসটোফারসনের থেকে তিনি ১.২৫ সেকেন্ড পিছিয়ে ছিলেন।

এ নিয়ে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, “এটি ভয়ঙ্কর, এটি আর কখনো হতে পারে না। এতে সাংঘাতিক আঘাত হতে পারে।” নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ঘটনা নিয়ে দেওয়া পোস্টে তিনি মজা করে বলেন, “হেভি এয়ার ট্র্যাফিক ইন ইতালি।”

ক্রীড়াক্ষেত্রে ড্রোন দূর্ঘটনার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, নিউ ইয়র্কে ইউএস ওপেন টেনিস টুর্নামেনন্ট চলাকালে এক শিক্ষক ড্রোন উড়ায় আর তা বিধ্বস্ত হয়। এ ঘটনায় টেনিস ম্যাচ বিঘ্নিত হলেও, কেউ এতে আঘাতপ্রাপ্ত হননি বলে জানায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ঐ দূর্ঘটনার সময় ম্যাচের এক খেলোয়াড় এ ঘটনায় বেশ ভালোই ভয় পেয়েছিলেন। সে মূহুর্তের অনুভূতি প্রকাশ করতে যেয়ে তিনি তিনি বলেছিলেন, "দুনিয়ার সব কিছুর সঙ্গে আমি ভেবেছিলাম, সব শেষ।"