স্মার্টফোনে ওকাপিয়ার শীতকালীন ছাড়
ভোক্তাদের স্মার্টফোন কেনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ওকাপিয়া মোবাইল প্রমোশনাল অফার ক্যাম্পেইন শুরু করেছে।
এই অফারের মাধ্যমে ভোক্তারা ওকাপিয়ার বিভিন্ন মডেলের স্মার্টফোন সহজে ও সাশ্রয়ী দামে কিনতে পারবেন বলে দাবী প্রতিষ্ঠানটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, এই অফারের আওতায় ভোক্তারা ওকাপিয়ার ৭টি মডেলের স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন আর ৩টি মডেলের স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়া যাবে।
অফারে সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়া যাবে ২২০০ টাকা এবং ক্যাশব্যাক সর্বোচ্চ ৫০০০ টাকা। এই অফারে স্মার্টফোনের মূল্য ২৯৯০ টাকা থেকে শুরু।
অফার অনুযায়ী, ভোক্তারা ‘স্ট্রাইকার’ হ্যান্ডসেটটি ২৯৯০ টাকায় কিনতে পারবেন, যার দাম আগে ছিল ৩৭০০ টাকা। একইভাবে ‘দেশ’ মডেলের হ্যান্ডসেট কেনা যাবে ৩২৯০ টাকায় যা আগে ৩৯৯০ টাকা ছিল। ‘লাইফ’ হ্যান্ডসেটটি ৫৬৯০ টাকার বদলে কেনা যাবে ৩৪৯০ টাকায়। ‘ম্যাজিক’-এর দাম ৫৯৯০ টাকার বদলে ৫৪৯০ টাকা, ‘ম্যাজিক প্লাস’ ৬৬৯০ টাকার বদলে ৫৫৯০ টাকা, ‘ম্যাজিক এক্স’ ৭৪৯০ টাকার জায়গায় ৬৫৯০ টাকা আর ‘ইনস্পায়ার’- এর দাম ১১৯৯০ টাকা থেকে কমিয়ে রাখা হয়েছে মাত্র ৯৯৯০ টাকা।
অন্যদিকে, ক্যাশব্যাকের তালিকায় আছে ৭৯৯০ টাকা দামের ‘ম্যাট্রিক্স’, ৯৯৯০ টাকা দামের ‘এয়ার’ আর ১০৯৯০ টাকার ‘আলটিমা’ ১০৯৯০ টাকা। এই তিনটি স্মার্টফোন কিনলে সর্বোচ্চ ৫০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
ওকাপিয়ার ‘দেশ’ মডেলের স্মার্টফোনে আছে উন্নতমানের চার ইঞ্চির ডব্লিউভিজিএ স্ক্রিন ও টিএন ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে। এছাড়া এতে আছে থ্রিজি সাপোর্ট, ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও চার গিগাবাইট রম। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনে আছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, ফ্ল্যাশলাইট সুবিধাসহ দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ডস্লট, ব্লুটুথ, জিপিএস, ওয়াইফাই, এফএম রেকর্ডিং, ভিডিও, অডিও প্লেয়ার ও ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর দাম রাখা হয়েছে ৩২৯০ টাকায়।
ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, “আমাদের দেশ প্রতিনিয়ত নিত্যনতুন স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে আর এরই ধারাবাহিকতায় আমরা এই প্রমোশনাল অফার ক্যাম্পেইন আয়োজন করেছি।”
