গুগলের নতুন মেসেজিং অ্যাপ
নতুন মোবাইল মেসেজিং অ্যাপ বানাচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। ফেইসবুক বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে প্রতিষ্ঠানটি এই অ্যাপ বানাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নো-হাও, প্রশ্নের উত্তর দেওয়া সফটওয়্যার প্রোগ্রাম, চ্যাটবটের সঙ্গে এই নতুন সেবা আনা হবে।
নতুন এই অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা বন্ধুদের বা চ্যাটবটের টেক্সট পাঠাতে পারবেন। চ্যাটবটকে কোনো প্রশ্ন করা হলে তা ওয়েব বা অন্যান্য উৎস থেকে উত্তর খুঁজে আনে।
কবে নাগাদ এই সেবা আনা হবে, বা এর নাম কী দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে গুগল কোনো মন্তব্য করতেও রাজি হয়নি।
জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে ফেইসবুকের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের উইচ্যাট আর গুগলের হ্যাংআউটস উল্লেখযোগ্য।
চলতি বছর ১৬ ফেব্রুয়ারি গুগল টক বন্ধ করে দেওয়ার পর, ব্যবহারকারীদের গুগল হ্যাংআউটস নামের মেসেজিং সেবা ব্যবহারের পরামর্শ দেয় গুগল।
মার্কিন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান নিয়েলসেনের প্রকাশ করা ২০১৫ সালের শীর্ষ ১০ স্মার্টফোন অ্যাপের তালিকায় দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম- মোট ৫টি স্থান অধিকার করে গুগলের বানানো অ্যাপগুলো। স্থান নেওয়া অ্যাপগুলো যথাক্রমে- ইউটিউব, গুগল সার্চ, গুগল প্লে, গুগল ম্যাপ ও জিমেইল।
