২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন-এর পেটেন্ট চায় টুইটার

মাইক্রোব্লগিং সাইট হলেও সম্প্রতি ড্রোনের পেটেন্ট পাওয়ার জন্য আবেদন করেছে টুইটার। না, নতুন কোনো ব্যবসার জন্য নয়, নিজ সাইটে ব্যবহারকারীদের যে সেবা দিয়ে থাকে, তা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ কাজ করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, টুইটার ড্রোনের পেটেন্ট আবেদনে উল্লেখ করেছে, তারা এমন ড্রোন চাচ্ছে যার মাধ্যমে নিজ টুইটার অ্যাকাউন্ট থেকেই ব্যবহারকারীরা ড্রোনটির সাহায্যে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে পারেন।

নিজেদের সেবাকে আরও সমৃদ্ধ করতে একের পর এক নতুন ফিচার সংযুক্ত করছে টুইটার। উদাহরণ হিসেবে বলা যায়, লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপ-এর কথা। তবে সাম্প্রতিক এই পেটেন্ট আবেদনের মানে এই নয়, নিজ সেবায় টুইটার এ সেবাটিও যুক্ত করতে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে এরকম সেবা নিয়ে হাজির হতে পারে প্রতিষ্ঠানটি এমন সম্ভাবনার বিষয়টিও ঠিক উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ড্রোনের ওই পেটেন্ট আবেদনে টুইটার আরও জানিয়েছে, তারা চাচ্ছেন তাদের ড্রোন যাতে ‘টেলিপ্রেসেন্স’ এবং ‘লাইভ ভিডিও ইন্টারভিউ’- ক্ষমতাসম্পন্ন হয়। তবে টুইটার-এর সাম্প্রতিক এই ড্রোন কর্মকাণ্ডটি কারিগরি এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে যে যথেষ্ট উদ্ভট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মন্তব্য করেছে ভার্জ।

ড্রোন পেটেন্ট বিষয়ে টুইটার মুখপাত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “দুটি শব্দ: ড্রোন সেলফি।” বিষয়টি নিয়ে টুইটার ঠিক কী পরিকল্পনা করছে, তা সময়ই ভালো বলতে পারবে।