সাউন্ডক্লাউড-এর সঙ্গে নতুন চুক্তি
সাবস্ক্রিপশন সেবাবিষয়ক চুক্তি সম্পন্ন করার পর সাউন্ডক্লাউডের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার ইতি টানবে পারফর্মিং রাইটস সোসাইটি (পিআরএস) ফর মিউজিক। পিআরএস ফর মিউজিক হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক কপিরাইটবিষয়ক একটি সংগঠন যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০০৯ সালে ব্র্যান্ড হিসেবে কাজ শুরু করে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন চুক্তি অনুসারে ২০১৬ সালে ইউরোপ জুড়ে সাউন্ডক্লাউড সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপনভিত্তিক সেবা চালু করার পর থেকে শিল্পীরা নিজ কাজের জন্য পারিশ্রমিক পাবেন।
এ প্রসঙ্গে পিআরএস ফর মিউজিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট অ্যাশক্রফট জানান, পাঁচ বছরেরও বেশি সময় যাবত এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, “শিল্পীরা নিজ কাজের জন্য এখন থেকে উপযুক্ত পারিশ্রমিক পাবেন। আমাদের অনেক সদস্যই সাউন্ডক্লাউড সেবাটি বেশ পছন্দ করেন এবং তাদের পরিচালনা বিভাগ আমাদের সঙ্গে কাজ করার যে আগ্রহ দেখিয়েছে, সে বিষয়টিও প্রশংসনীয়।”
অন্যদিকে বিষয়টি নিয়ে সাউন্ডক্লাউডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার ইয়ুং বলেছেন, “সাউন্ডক্লাউড প্লাটফর্মটি নির্মাতারাই তৈরি করেছেন এবং এটি তাদের জন্যই তৈরি; আমরা এমন একটি প্লাটফর্ম তৈরির জন্য প্রতিনিয়ত কাজ করছি যেখানে সব নির্মাতাই যেন নিজ কাজের জন্য পারিশ্রমিক পান, এজন্য ইতোমধ্যেই আমরা হাজারো কপিরাইট মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।”
২০১৫ সালের শুরুতে পিআরএস ফর মিউজিক জানিয়েছিল, সাউন্ডক্লাউডের সঙ্গে তাদের পাঁচ বছরের আলোচনার ফলাফল নেতিবাচক। এ ছাড়াও পিআরএস নিজ সদস্যদের জানিয়েছিল, সাউন্ডক্লাউডের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া ছাড়া সংস্থাটির হাতে আর কোনো পথ খোলা নেই। সেসময় সাউন্ডক্লাউড জানিয়েছিল, পরিস্থিতিটি দুঃখজনক।
বর্তমান আইন সম্পর্কে আলেকজান্ডার জানিয়েছেন, এটি এখন পর্যন্ত ‘সুনির্দষ্ট’ নয়, তবে সাউন্ডক্লাউডের নতুন চুক্তিটি অনলাইন বাজারের জন্য সঠিক একটি পদক্ষেপ। বিবিসি জানিয়েছে, পিআরএস যুক্তরাজ্যে এক লাখ ১৫ হাজারেরও বেশি সুরকার, গীতিকার ও সঙ্গীত প্রকাশকদের অধিকারবিষয়ক ব্যাপারগুলোর ক্ষেত্রে প্রতিনিধিত্ব করে থাকে।
কপিরাইট আইন মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখে এবং শিল্পীদের গান ব্যবহার করা হলে, তিনি পারিশ্রমিক পাচ্ছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করে পিআরএস। অন্যদিকে সাউন্ডক্লাউড ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেবাটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৭ কোটি। প্লাটফর্মটি ব্যবহার করে শিল্পীরা অডিও আপলোড করতে ও অন্যদের সঙ্গে নিজ গান শেয়ার করতে পারেন।
