২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিফট’ বিক্রি শুরু করেছে অকুলাস

শুরুর দিকে তৈরি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘রিফট’ বিক্রি করতে শুরু করেছে কিকস্টার্টার অকুলাস। তবে শুরুতে শুধু ডেভেলপারদের কাছেই বিক্রি করা হচ্ছে হেডসেটটি। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে ‘রিফট’ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, বিক্রি করা হেডসেটগুলোর সঙ্গে ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট’ ১.০ (এসডিকে)-ও রয়েছে এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠাটির ওই ব্লগ পোস্টে।

ওই ব্লগ পোস্টটিতে বলা হয়েছে, “রিফট এসডিকে ১.০ ও ভোক্তাদের হাতে সঠিক সময়ে ফিচারসমৃদ্ধ পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা স্বল্প পরিসরে শুধু ডেভেলপারদের কাছে হেডসেটটির বিক্রি শুরু করেছি যাতে তারা এর বাকি কাজ সম্পন্ন করতে পারে ও নির্ধারিত সময়ে পণ্যটি লঞ্চ করা সম্ভব হয়।”

এ ছাড়াও ব্লগ পোস্টটিতে দাবি করা হয়েছে, ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাতা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় তারা যেহেতু দ্রুত বিক্রি শুরু করেছে, সেহেতু তারা নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের হাতে সমৃদ্ধ হেডসেট তুলে দিতে পারবেন এবং লঞ্চের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে ডেভেলপারদের হাতে আরও হেডসেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

ডেভেলপারদের হাতে ইতোমধ্যেই হেডসেটটি পৌঁছানো শুরু করলেও, এটি হাতে পেতে আগ্রহী ক্রেতাদের ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানিয়েছে এনগ্যাজেট। এপ্রিল মাসের কিছুদিন আগেই হেডসেটটি বাজারে চলে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস ‘রিফট’ হেডসেটটির মূল্য নির্ধারণ করেছে ৩৫০ ডলার।

অন্যদিকে অন্যান্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগেই জানিয়েছিল, তাদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট বাজারে আসতে দেরি হবে, এপ্রিল মাসের আগে তারা হেডসেট লঞ্চ করতে পারছে না। এসব প্রতিষ্ঠানের মধ্যে তাইওয়ানিজ প্রযুক্তি পণ্য নির্মাতা এইচটিসি-ও রয়েছে বলেই জানিয়েছে এনগ্যাজেট।