২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অডিও ফরম্যাট নিয়ে কাজ করছে অ্যাপল

প্রযুক্তিপণ্যের বাজারে নতুন গুজব, আইটিউনসের জন্য নতুন ‘হাই-রেজুলিউশন’ অডিও ফরম্যাট বানাচ্ছে অ্যাপল। জাপানের প্রযুক্তিবিষয়ক ব্লক মাকোতাকারার দাবি, সিডির থেকেও উন্নত হবে অ্যাপলের নতুন অডিও ফরম্যাট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

বলা হচ্ছে, ২০১৬ সালের কোনো এক সময়ে আইটিউনসে অভিষেক হবে অ্যাপলের নতুন অডিও ফরম্যাটের।

অ্যাপল পণ্য ও সেবা বিষয়ক সাইট নাইনটুফাইভ ম্যাক এক প্রতিবেদনে অ্যাপলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ২০১৬ সাল থেকে চালু করার জন্য অ্যাপল ৯৬কিলোহার্টজ/২৪-বিটের হাই-রেজুলিউশন অডিও ফরম্যাট নিয়ে কাজ করছে বেশ কিছু দিন ধরেই।

এর বিপরীতে গানের সিডির অডিও ফরম্যাট হয় ৪৪ কিলোহার্টজ/১৬-বিট। সাইটটি জানিয়েছে, লাইটনিং পোর্টের জন্য হেডফোন নির্মাতা প্রতিষ্ঠানের কেউ অ্যাপলের নতুন অডিও ফরম্যাট নিয়ে গোপন তথ্য আগে-ভাগেই ফাঁস করে দিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রযোজক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অ্যাপল হাই-রেজুলিউশন অডিও ফরম্যাটের গান সংগ্রহ করছে বেশ কয়েক বছর ধরে। পরবর্তীতে নিজস্ব এনকোডিংয়ের মাধ্যমে গানগুলোর ফাইল ছোট অডিও ফরম্যাটে নামিয়ে আনতো অ্যাপল।  

অ্যাপল অন্তত কিছু অ্যালবাম আইটিউনসে ৯৬কিলোহার্টজ/২৪-বিট ফরম্যাটে ছাড়বে এমনটা শোনা যাচ্ছিল ২০১৪ সালেই। সেবারও অবশ্য গুজবের আগুনে ঘি ঢালছিল মাকোতাকারা ব্লগ। অন্যদিকে অ্যাপল ৩.৫ মিলিমিটার জ্যাকের ব্যবহার বাদ দিয়ে পুরোপুরি লাইটনিং পোর্ট নির্ভর হবে, এমন গুজবও শোনা যাচ্ছে প্রযুক্তিপণ্যের বাজারে।