২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এএমডি’র চিপ বানাবে স্যামসাং

কম্পিউটার প্রসেসর ও আনুসাঙ্গিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ইনকর্পোরেটেডের জন্য ২০১৬ সাল থেকে চিপ বানাবে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। গোপন সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিষয়ক সাইট ইলেকট্রনিক টাইমস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

স্যামসাং ও গ্লোবালফাউন্ড্রিস, এই দুই প্রতিষ্ঠান মিলিতভাবে এএমডি-এর জন্য সেন্ট্রাল প্রসেসিং চিপ আর গ্রাফিক্স প্রসেসিং চিপ বানাবে। আর এজন্য নিজেদের ১৪-ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানদুটি।

স্মার্টফোন ব্যবসায় কমে যাওয়া আয় পুষিয়ে নিতে সাম্প্রতিক প্রান্তিকগুলোতে ইলেকট্রনিক পণ্যসামগ্রীর উপাদান ব্যবসায় গ্রাহকের পরিসর বাড়ানোর চেষ্টা চালাচ্ছে স্যামসাং। বর্তমানে অ্যাপল আর এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের জন্য চিপ নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে স্যামসাং এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

খবর প্রকাশের সঙ্গে সঙ্গে এএমডি-এর সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, নভেম্বর মাসে এক ব্লগ পোস্টের মাধ্যমে অউডি গাড়ির জন্য মেমোরি চিপ সরবরাহের কথা জানায় স্যামসাং। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, তারা অউডি’র ভবিষ্যত ‘ইনফোটেইনমেন্ট’-এর জন্য ‘কাটিং-এজ’ মেমোরি চিপ, গাড়ির ড্যাশবোর্ড এবং চালক সাহায্যকারী বিভিন্ন অ্যাপ্লিকেশন সরবরাহ করবে।

স্মার্টফোন ব্যবসায় সম্প্রতি অ্যাপলের কাছে পেটেন্ট মামলায় হেরে বড় অঙ্কের জরিমানা গুণতে হয় প্রতিষ্ঠানটিকে। ২০১২ সালে ওই মামলার রায় অনুযায়ী অ্যাপলকে ক্ষতিপূরণ হিসেবে একশ’ পাঁচ কোটি ডলার দেওয়ার রায় এসেছিল। পরবর্তীতে স্যামসাংয়ের আবেদনে মোট ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে ৯৩ কোটিতে নিয়ে আসা হয়। এরপর জরিমানা দুইভাগে ভাগ করে দেওয়া হয়- পেটেন্ট আইন লঙ্ঘনের দায়ে ৫৪ কোটি ৮০ লাখ ডলার আর অ্যাপলের প্যাকেজিং নকল করার দায়ে ৩৮ কোটি ২০ লাখ ডলার। রায়ে দ্বিতীয় ভাগের অর্থ ২০১৬ সালে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।