যুক্তরাষ্ট্রে ড্রোনের নিবন্ধন লাগবে
মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেন এক অনাকাঙ্ক্ষিত ক্রিসমাস উপহার দিল ড্রোন মালিকদের। ঘোষণারূপে আসা ওই উপহারের ফলে নতুন অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে ব্যক্তিমালিকানাধীন ড্রোন ব্যবহারকারীদের জন্য। নতুন নিয়ম অনুযায়ী, ১৩ বছরের বেশি বয়সী ড্রোন মালিকদের অবশ্যই নিবন্ধন করতে হবে।
বিবিসি জানিয়েছে, ২১ ডিসেম্বরের পর ড্রোন কিনলে, ড্রোনগুলো উড়ানোর আগে ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’-এর কাছে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে নতুন ক্রেতাদের জন্য। নিবন্ধনের পর ড্রোনগুলোর জন্য আলাদা নম্বর দেওয়া হবে যা অবশ্যই ড্রোনগুলোর গায়ে থাকতে হবে।
যেসব ব্যবহারকারী ২১ ডিসেম্বর এর আগে ড্রোন কিনেছেন তারা নিবন্ধনের জন্য সময় পাবেন ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন না করলে গুনতে হবে বড় অংকের জরিমানা।
আধ পাউন্ড থেকে শুরু করে ৫৫ পাউন্ড ওজনের ড্রোনগুলোর ক্ষেত্রে এই নিয়ম খাটবে। একবার নিবন্ধন করলে তার মেয়াদ হবে ৩ বছর। নিবন্ধনের খরচ ৫ ডলার করে হলেও প্রথম ৩০ দিন বিনা খরচে নিবন্ধন করতে পারবেন ব্যবহারকারীরা।
সাম্প্রতিক সময়ে মার্কিন কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিমালিকানাধীন ড্রোনের ‘লাগামছাড়া’ ব্যবহার। ড্রোন উড়ানো নিষিদ্ধ এমন জায়গাগুলোতে ড্রোন উড়ালে বা অপরাধী কর্মকাণ্ডে ব্যবহার করলে সর্বোচ্চ আড়াই লাখ ডলার জরিমানা এবং তিন বছর কারাদণ্ড হতে পারে ড্রোন মালিকের।
এয়ারপোর্ট এবং জনবহুল এলাকায় ড্রোন উড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে পরেছেন এমন ব্যবহারকারীদের জন্যেও আলাদা তালিকা বানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
ড্রোনের ব্যবহার নিয়ে মার্কিন কর্তৃপক্ষেরে অন্যান্য নিয়মগুলো হল, ৪শ’ ফিট উচ্চতার নিচ দিয়ে উড়তে হবে ড্রোনগুলোকে, সব সময় পাইলটের দৃষ্টি সীমার মধ্যে থাকতে হবে, যাত্রীবাহী অ্যারোপ্লেনের আশপাশ দিয়ে উড়ানো যাবে না, স্টেডিয়ামের মতো ব্যাপক জনসমাগম হয় এমন স্থানগুলোতে উড়ানো যাবে না এবং জরুরী ত্রানকর্মীদের আশপাশে ড্রোন উড়ানো যাবে না।
