২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার ঝুঁকিতে ২০১৬

২০১৬ সালে বেড়ে যাবে সাইবার আক্রমণের ঝুঁকি, এমনটাই জানিয়েছে মার্কিন সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক। সেই সঙ্গে অ্যাপল ডিভাইস, ইন্টারনেট অফ থিংস (আইওটি) বিশেষভাবে ঝুঁকিতে আছে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, ২০১৬ সালে বায়োমেট্রিক নিরাপত্তার প্রয়োজনীয়তা, অনলাইন মুক্তিপণ আদায়কারী চক্রদের লড়াই, ম্যালওয়্যার বিতরণকারী নেটওয়ার্ক, এনক্রিপশনের প্রয়োজনীয়তা, সাইবার আক্রমণ আর ডেটা চুরির কারণে সাইবার বীমার সংখ্যা বেড়ে যাবে- এমনটাই উল্লেখ করা হয়েছে সিমেনটেকের সিকিউরিটি ইন্টিলিজেন্স টিমের ‘ইন্টারনেট সিকিউরিটি থ্রেট রিপোর্ট ভলিউম (আইএসটিআর) ২০’ নামের প্রতিবেদনে।

প্রতিবেদনের আশংকা অনুযায়ী, শেষ দুই বছরে ব্যবহার করা বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে যাওয়ার সঙ্গে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে নতুন সেন্সর আর বায়োমেট্রিক শনাক্তকারী ফ্রেইমওয়ার্কের ব্যবহারও বাড়বে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)- এর প্রতিবেদনের বরাত দিয়ে এই প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে সারা বিশ্বে স্মার্টফোন বিক্রির ১৩.৫ শতাংশ আর কম্পিউটার বিক্রির ৭.৫ শতাংশই হয় অ্যাপল থেকে। অ্যাপল ডিভাইস ব্যবহারের সংখ্যা বাড়ার সঙ্গে এতে সাইবার ম্যালওয়্যার আক্রমণের আশংকাও বাড়বে, যদিও অ্যাপল ডিভাইসগুলোকে ‘ম্যালওয়্যার মুক্ত’ বলে ধারণা করা হয়।

আইওটি-এর নিরাপত্তা আরও বাড়ানো প্রয়োজন বলে জানানো হয় এই প্রতিবেদনে। ২০১৬ সালে নেটওয়ার্কের আওতাধীন থাকা পণ্যসামগ্রী ব্যবহার করে ডেটা বিনিময় বেড়ে যাবে। সেই সঙ্গে বাড়বে এগুলোতে ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি, এ কারণে এই খাতে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে।

সাইবার-ওয়ারফেয়ার প্রচারণা, বিভিন্ন দেশের সাইবার কার্যক্রম, মুক্তিপণ আদায়কারী চক্রদের মধ্যে সংঘর্ষের কারণে ২০১৬ সালে গুরুতর অবকাঠামোগুলতে আক্রমণের ঝুঁকি রয়েছে বলে আশংকা প্রকাশ করেছে সিমেনটেক।

সেই সঙ্গে যোগাযোগ আর অনলাইনে মানুষের মধ্যে যোগাযোগ বেড়ে যাওয়ার ফলে, এনক্রিপশন ডেটা ব্যবহারের প্রয়োজনীয়তাও বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।