২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম অনলাইন সাইটের রজত জয়ন্তী

অন্যান্য বছরের তুলনায় এ বছরের ডিসেম্বরের ২০ তারিখ ছিল ভিন্ন একটি দিন। কারণ বিশ্বের প্রথম ওয়েবসাইটের রজতজয়ন্তী হল এই দিনেই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, উদ্বোধনী ওই সাইটটিতে আহামরি এমন কিছু ছিল না। প্রথম ওই সাইটটিতে মূলত নতুন ওই হাইপারটেক্সট-ভিত্তিক প্রকল্পটি কীভাবে কাজ করে তা বর্ণনা করা হয়েছিল।

ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর এক প্রকল্পে কাজ করতে গিয়ে ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’ বানিয়ে ফেলেছিলেন স্যার টিম বার্নার্স-লি। পরে সার্ন থেকেই প্রথম অনলাইনে আনা হয় বিশ্বের প্রথম সাইটটি। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সে সময় সাইটটি অনলাইনে এনেছিলেন, তারা এখন কে কোথায় রয়েছেন?

স্যার টিম বার্নার্স-লি এখনও এ বিষয় নিয়ে কাজ করছেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম পরিচালনা করছেন এবং বলা চলে ‘নেট নিউট্রালিটি’ বজায় রাখতে ও সরকারের হাত থেকে ‘ওপেন ওয়েব’-কে বাঁচানোর জন্য রীতিমতো লড়াই করছেন।

অন্যদিকে ওয়েব-এর জন্মস্থান হিসেবে খ্যাত সার্ন-এর ভূমিকা এই ২৫ বছরে অনেকটাই পাল্টে গেছে। তবে সংস্থাটি এখনও নেটওয়ার্কভিত্তিক নানা ধরনের গবেষণা করছে, বিশেষ করে গ্রিড কম্পিউটিংয়ের ক্ষেত্রে সংস্থাটির গবেষণা চলছে।

অনেক দিক থেকে পরিবর্তিত হয়ে গেলেও, একটি ক্ষেত্রে এখনও ওয়েব আগের মতোই রয়ে গেছে। এখনও বিশ্বে তথ্য শেয়ারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী টুল হচ্ছে ওয়েব।