রেকর্ড ক্ষতির মুখে তোশিবা
চলতি আর্থিক বছরে ৪১৩ কোটি ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা ইনকর্পোরেটেড। অথচ ২০১৪ সালেই প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১৭ হাজার ৪০ কোটি ইয়েন।
এক প্রতিবেদনে ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি দৈনিক নিককেই এর বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটির আর্থিক বছর শেষ হবে ২০১৬ সালের মার্চ মাসে। সে সময় প্রতিষ্ঠানটির পুনর্গঠন খরচও এই রেকর্ড পরিমাণ ক্ষতিতে ভূমিকা রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তোশিবার ব্যবসা ল্যাপটপ থেকে শুরু করে পরমাণু শক্তি পর্যন্ত বিস্তৃত। কিন্তু চলতি বছরে টানা ৭ বছর ধরে মুনাফার পরিমাণ বাড়িয়ে বলে আর্থিক কেলেঙ্কারির সম্মুখীন হয় প্রতিষ্ঠানটি। ওই ঘটনার জের ধরে প্রতিষ্ঠানটিকে জরিমানা করার জন্য দেশটির ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি-এর কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ সার্ভেইলেন্স কমিশন (এসইএসসি) এবং জুলাইয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট এবং শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। তারপর থেকেই নানাবিধ ঝামেলার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যেই নিজেদের ইমেজ সেন্সর ব্যবসা অপর জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনির কাছে বিক্রি করে দিয়েছে তোশিবা। আর্থিক ক্ষতি কমাতে নিজেদের লাইফস্টাইল বিভাগ থেকে ছয়-সাত হাজার কর্মী ছাটাইয়ের পরিকল্পনাসহ টোকিওতে অবস্থিত নিজেদের ওমে কারখানার উৎপাদনও কমিয়ে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
তোশিবার কোনো মুখপাত্র আনুমানিক ক্ষতি ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি বলেই জানিয়েছে রয়টার্স।
