২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উবার হ্যাকিং তদন্তে মার্কিন বিচারবিভাগ

২০১৪ সালের মে মাসে অনলাইন পরিবহন সেবাদাতা উবার-এ সাইবার হামলা চালিয়ে ডেটা হাতিয়ে নেওয়ার কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান লিফট বা প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে মার্কিন বিচারবিভাগ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

ওই তদন্ত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ এখনও নিশ্চিত না করলেও, বিষয়টির সঙ্গে জড়িত এক সূত্র এ বিষয়টি সম্পর্কে জানিয়েছে বলেই এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদসংস্থা রয়টার্স।

এ প্রসঙ্গে ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বিচারবিভাগের মুখপাত্র আব্রাহাম সিমনস জানিয়েছেন, এ বিষয়ে কোনো তদন্ত শুরু হচ্ছে কিনা সে বিষয়টি তিনি নিশ্চিতও করতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। কারণ, কারো বিরুদ্ধেই এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং ওই ঘটনায় আদৌ কাউকে দায়ী করা হবে কিনা, সে বিষয়টি এখনও ঘোলাটেই রয়ে গেছে।

অন্যদিকে ১৮ ডিসেম্বর এ প্রসঙ্গে অনলাইন পরিবহন সেবাদাতা লিফট এক বিবৃতিতে বলেছে, “আমাদের সঙ্গে এখনও তদন্তের ব্যাপারে ডিওজে (বিচারবিভাগ), ইউএস অ্যাটর্নি অফিস বা অন্য কোনো স্টেট বা ফেডারেল সংস্থা যোগাযোগ করেনি।” এ প্রসঙ্গে উবার কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলেই জানিয়েছে রয়টার্স।

চলতি বছরের শুরুতে উবার জানিয়েছিল, তাদের প্রায় ৫০ হাজার চালকের নাম, লাইসেন্স নম্বর হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছিল প্রতিষ্ঠানটি। উবার ওই তদন্তে সাইবার হামলার সঙ্গে লিফট-এর প্রযুক্তি প্রধান ক্রিস ল্যাম্বার্ট-এর একটি যোগসূত্র খুঁজে পেয়েছিল বলেই জানিয়েছে রয়টার্স।