সাইবার হয়রানির জন্য বীমা!
গাড়ি, বাড়ি বা সম্পত্তির জন্য বীমার কথাতো অনেকই শোনা যায়। কিন্তু সাইবার হয়রানির জন্য বীমা? হ্যাঁ, এবার এমন বীমা চালু করেছে বিশ্বের অন্যতম সেরা বীমা প্রতিষ্ঠান চাব (সিবি) ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাজ্য আর আয়ারল্যান্ডের বিত্তশালী গ্রাহকদের জন্য প্রথমবারের মতো সাইবার হয়রানির বিরুদ্ধে একটি নতুন বীমা চালু করেছে সিবি।
এই বীমায় ৫০,০০০ ইউরোতে এটি গ্রাহক ও তার পরিবারকে অনলাইন হয়রানির ক্ষতি ঠেকাতে সেবা দেবে প্রতিষ্ঠানটি। প্যাকেজটির অংশ হিসেবে পেশাদার জনসংযোগ কর্মীদের সহায়তায় প্রতিষ্ঠানটি সাইবার হয়রানির কারণে মানহানি হওয়া গ্রাহকদের মান ফিরিয়ে আনতে সহায়তা করবে। সেই সঙ্গে আদালতে এ সংক্রান্ত কোনো মামলা গড়ালে পেশাদার সাইবার নিরাপত্তা সেবাদাতাদের সহায়তায় গ্রাহকদের আইনিভাবে শক্তিশালী হতে সহায়তা করা হবে। এছাড়া গ্রাহক যদি স্কুল বা কাজ হারায়, তবে টিউশন ফি বা কর্মক্ষেত্রে হারানো পারিশ্রমিক পরিশোধ করবে, আর হয়রানির জন্য গ্রাহক তার বাসস্থান বদল করলে এজন্যও অর্থ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে সিবি-এর ক্লায়েন্ট ম্যানেজার টারা পার্চম্যান বলেন, "সাইবার হয়রানির ফলে যা হবে সব কিছুর জন্যই অর্থ পরিশোধের লক্ষ্য রয়েছে।”
কেউ চাইলে আলাদাভাবে শুধু নতুন এই বীমা নিতে পারবেন না। সিবি-এর হোম ইনসিউরেন্স প্যাকেজ নিলে, এই প্যাকেজের সঙ্গে নতুন বীমা সেবা অন্তর্ভূক্ত থাকবে। এই প্যাকজের জন্য গ্রাহকদের প্রতি বছর অন্তত ২৫০০ ইউরো প্রদান করতে হবে।
পার্চম্যান জানিয়েছেন, একজন গ্রাহক তিনবারের বেশি সাইবার হয়রানির শিকার হলে তার আর্থিক ক্ষতি হয়ে থাকে। গ্রাহক হয়রানি, ভয় দেখানো, অপবাদ বা সহিংসতার হুমকির মধ্যে থাকলে তাকে অর্থ পরিশোধ করা হবে। অনলাইনে কোনো সাধারণ উপহাসের শিকার হলে তা গ্রাহককে অর্থ পরিশোধে উপযুক্ত কারণ হিসেবে বিবেচিত হবে না।
