২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপ: ‘দোটানায়’ ব্রাজিলের আদালত

বৃহস্পতিবার আদালতের আদেশে ব্রাজিলে ৪৮ ঘন্টা বন্ধ ছিল ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবা ‘হোয়াটসঅ্যাপ’, পরে আবার দেশটির আদালতের নির্দেশেই খুলে দেওয়া হয় সেবাটি। কিন্তু ওই একটি ঘটনা থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেশটির বাসিন্দারা এ ধরনের সেবার উপর কতটা নির্ভরশীল। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 05:28 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এক প্রতিবেদনে বিলেতি দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সাও বানার্ডো ডো কাম্পো-এর এক আদালতের নির্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাজিলে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে আদালত জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠান পরপর দুইবার আদালতের নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায়, দেশটিতে সেবাটি বন্ধ রাখা হয়েছে। ৪৮ ঘন্টা সেবাটি বন্ধ রাখার জন্য ব্রাজিলের টেলিফোন অপারেটরকে নির্দেশ দিয়েছিল ওই আদালত।

বন্ধ করে দেওয়ার পর যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন লাখো ব্রাজিলিয়ান নাগরিক। বিকল্প উপায় হিসেবে তারা বেছে নিয়েছিলেন একই ধরনের সেবাদাতা অন্যান্য মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ বন্ধ থাকাকালীন শুধু টেলিগ্রাম অ্যাপটিই দশ লাখ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছিল বলেই জানিয়েছে গার্ডিয়ান।

হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়া প্রসঙ্গে দেশটির এক শিক্ষার্থী হুইমিন চু জানিয়েছেন, মেসেজিং ওই সেবাটিই ছিল বন্ধুদের সঙ্গে তার যোগাযোগের প্রধান উপায়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় তিনি বুঝতে পেরেছেন, তিনি অ্যাপটির উপর ঠিক কতটা নির্ভরশীল হয়ে পড়েছিলেন।

৪৮ ঘন্টা শেষ হওয়ার পর খুলে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ। তবে মেসেজিং সেবাটিকে বন্ধ করে দেওয়ার প্রকৃত কারণ এখনও অজানা ও ঘোলাটেই রয়ে গেছে। হোয়াটসঅ্যাপ খুলে দেওয়ার সময় দেশটির আদালত জানিয়েছিল, নাগরিকদের সমস্যার কারণে সেবাটি খুলে দেওয়া হচ্ছে, আর তাই বন্ধ রাখার বদলে সেবাটিকে আর্থিক জরিমানা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।