তথ্য ফাঁস: জরিমানা এইডস ক্লিনিককে
ভুলবশত এক গ্রুপ ইমেইলে এইচআইভি (HIV)পজেটিভ রোগীদের নাম ও পরিচয় তালিকা ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ‘ব্লুমসবেরি পেশেন্ট নেটওয়ার্ক’-কে ২৫০ পাউন্ড জরিমানা গুণতে হচ্ছে। সংস্থাটিকে এই জরিমানা করেছে দেশটির ডেটা ওয়াচডগ।
১৯৯৯ সালে দুইজন এইচআইভি আক্রান্ত রোগী নিয়ে ‘ব্লুমসবেরি পেশেন্ট নেটওয়ার্ক’ (বিপিএন) সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এবং সে সময় থেকেই সংস্থাটি এইচআইভি আক্রান্ত রোগীদের বিভিন্ন রকম পরামর্শ ও সহযোগিতা দিয়ে সাহায্য করছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৪ সালে ‘বিপিএন’ সংস্থার এক কর্মকর্তা একাধিক বার ভুলবশত দুইশ’ জনেরও বেশি রোগীর পরিচয় গোপন না রেখেই তাদের ইমেইল অ্যাড্রেসে মেইল পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে একই ভুল তারা আবার করেছে।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে বিপিএন-এর এক কর্মী দুইশ’ জনেরও বেশি রোগীকে মেইল পাঠানোর সময় ‘বিসিসি’ (ব্লাইন্ড সিসি)-তে ইমেইল অ্যাড্রেস না লিখে ‘টু’ ফিল্ডে সবার মেইল অ্যাড্রেস লিখে দিয়েছিল। ফলে ওই মেইল যাদের পাঠানো হয়েছিল তারা সবাই এইচআইভি পজিটিভ রোগীর পরিচয় জানতে পেরেছিল।
বিষয়টি নিয়ে সাবধান করার পর, আবারও ওই বছরের মে মাসে একই ভুল করে সংস্থাটি। পাঁচবার অভিযোগপত্র পাঠানোর পরও একই ভুল হওয়ায় বিপিএন-এর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ইনফরমেশন কমিশনার’স অফিস’(আইসিও)। তবে আইসিও জানিয়েছে, বিপিএন-কে যে জরিমানা করা হয়েছে, তাতে সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে না।
এ ব্যাপারে বিপিএন কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে বিবিসি।
