কর ফাঁকির অভিযোগে কুকের কড়া জবাব
বিদেশে করা লাভের উপর আরোপিত কর প্রযুক্তি জায়ন্টগুলো ফাঁকি দেওয়ার চেষ্টা করে- এমন অভিযোগের পাল্টা জবাব দিলেন অ্যাপল প্রধান টিম কুক। এই অভিযোগ 'রাজনৈতিক উদ্দেশ্যমূলক' বলে মন্তব্য করেছেন তিনি।
তথাকথিত ‘ইনভারসন ডিল’-এর মতো কৌশল খাটিয়ে যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি দিচ্ছে, এ নিয়ে চলমান তর্ক-বিতর্কের মধ্যে এমন মন্তব্য করলেন তিনি। প্রতিষ্ঠানের লাভের উপর আরোপিত করের বোঝা কমাতে ব্যবহৃত মূল কৌশলগুলোর একটি ইনভারসন ডিল।
আয়ারল্যান্ডের 'সাবসিডায়রি'-এর মাধ্যমে অ্যাপল কয়েকশ' কোটি ডলার বাঁচিয়ে থাকে বলে জানিয়েছে স্কাই নিউজ। সেখানে লাভের ১৮ হাজার ১শ' ১০ কোটি ডলার রয়েছে প্রতিষ্ঠানটির। আর এ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা করলে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার ৯শ' ২০ কোটি ডলার কর দিতে হবে।
নিজের প্রতিষ্ঠান কখনোই অর্থ মজুতদার ছিল না বলে দাবি করেছেন টিম কুক। এক ঘন্টার এক টিভি অনুষ্ঠানে তিনি বলেন, “এটি পুরোই রাজনৈতিক নোংরামি। এর পেছনে কোনো সত্যতা নেই। অ্যাপল সব ধরনের কর পরিশোধ করে।”
ব্যবসার লাভ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটিকে ৪০ শতাংশ খরচ করতে হবে জানিয়ে তিনি বলেন, "আমি মনে করি না এটি করার কোনো যৌক্তিকতা আছে।"
এজন্য একটি ‘সেকেলে কর নীতিমালাকে’দোষ দিয়ে, কংগ্রেসকে তা পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমান কর নীতিমালা শিল্প যুগের জন্য বানানো হয়েছিল, 'ডিজিটাল যুগের' জন্য নয়। এটি পেছনের দিকের। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ। এটি আরও অনেক বছর আগে সমাধান করা উচিত ছিল।”
