২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতেই ফোন বানাবে মাইক্রোম্যাক্স

২০১৮ সাল নাগাদ নিজ দেশ ভারতেই ফোন উৎপাদন শুরু করবে স্মার্টফোন নির্মাতা মাইক্রোম্যাক্স। বর্তমানে প্রতিষ্ঠানটির ফোন চীনে উৎপাদিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তরিক হাসনাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মাইক্রোম্যাক্স-এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার দাবি, ভারতে চীনের চেয়েও কম খরচে ফোন প্রস্তুত করা সম্ভব।

এ প্রসঙ্গে শর্মা জানিয়েছেন, বর্তমানে তাদের পণ্যের দুই-তৃতীয়াংশেরও কম ভারতে তৈরি হয় এবং বাকি পণ্য চীনে উৎপাদিত হয়। এক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি বিবেচনা করা হয়, তা হল উৎপাদন খরচ। কিন্তু চীনে উৎপাদন খরচ ভারতের তুলনায় বেশি বলে জানান শর্মা।

ভারতে বড় পরিসরে স্মার্টফোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সমর্থন ছিল না, তবে ধীরে ধীরে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন শর্মা। “জনশক্তির হিসেব করলে ভারতে চীনের তুলনায় খরচ অনেক কম।”--যোগ করেন তিনি।

নতুন কারখানা তৈরির জন্য সাড়ে চার কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে বলে ডিসেম্বর মাসের শুরুতেই জানিয়েছিল মাইক্রোম্যাক্স।

শেয়ার বাজারের মাধ্যমে মূলধন বাড়ানোর চেষ্টা করছে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতারা। ‘পার্সোনাল কম্পিউটিং’-এর বাজারেও প্রবেশ করতে চাইছে প্রতিষ্ঠানটি। জাপানের প্রতিষ্ঠান সফটব্যাংক-এর নেতৃত্বে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতিষ্ঠানটির আলোচনা টেবিলেও বসেছে বলে জানিয়েছে রয়টার্স।