২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রকেট লিগ’-এর পৌষ মাস

গেইমিংয়ের জগতে ২০১৫ সালের সবচেয়ে সফল গেইমগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় ‘রকেট লিগ’-কে। জুলাই মাসে পিসি ও প্লেস্টেশন ৪ প্লাটফর্মে অভিষেকের পর এখন পর্যন্ত প্রায় ৫ কোটি ডলার আয় হয়েছে গেইমটি থেকে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

ব্যবসা বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাড়ি নিয়ে ফুটবল খেলার গেইমটির সাফল্যের গল্প আসলেও বিস্ময়কর। নির্মাতা প্রতিষ্ঠান সায়োনিক্সের দাবি, গেইমটি নির্মাণের পেছনে বিনিয়োগের পরিমাণ ছিল ২০ লাখ ডলারেরও কম। সেই পরিস্থিতি থেকে কয়েক মাসের ব্যবধানে গেইমটি ৫ কোটি ডলারেরও বেশি আয় করেছে।

‘রকেট লিগ’ নির্মাণে সায়োনিক্সের ডেভেলপাররা সময় নিয়েছেন দুই বছর। এর মধ্যে ‘ম্যাস ইফেক্ট ৩’ এবং ‘গিয়ার্স অফ ওয়ার’ ফ্র্যাঞ্চাইজের জন্য চুক্তিভিত্তিক কাজও করেছেন তারা।

নির্মাতারা চেয়েছিলেন গেইমটি যেন বিপুল সংখ্যক গেইমারদের নজরে আসে। আর সেই লক্ষ্য অর্জনে জুলাই মাসে প্লেস্টেশন প্লাস সদস্যদের গেইমটি ফ্রি ডাউনলোড করার সুযোগ দিয়েছিল প্রতিষ্ঠানটি। গেইমটির কতগুলো ফ্রি কপি ডাউনলোড করা হয়েছিল তার সঠিক সংখ্যা না জানালেও সায়োনিক্সের দাবি, ‘কয়েক মিলিয়ন’ কপি ডাউনলোড করেছিলেন আগ্রহী গেইমাররা।

শুধু ফ্রি ডাউনলোড সেবা দিয়েই থেমে থাকেনি সায়োনিক্স। ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের কাছেও পাঠানো হয়েছিল গেইমটির কপি। এর পেছনে প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ভিডিও শেয়ারিং সাইটটি থেকে কনটেন্ট নির্মাতারা যেন দর্শক আর গেইমারদের মধ্যে গেইমটি নিয়ে আগ্রহ সৃষ্টি করতে পারেন।