২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬-তেই চীনে অ্যাপল পে

২০১৬ সালে চীনের বাজারে চালু হচ্ছে ‘অ্যাপল পে’। মোবাইল পেমেন্ট সেবাটি চালু করার জন্য ‘চায়না ইউনিয়নপে’-এর সঙ্গে জোট বেঁধেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। চীনে ব্যাংক কার্ড ইসু করতে সরকারের অনুমোদন রয়েছে কেবল ওই প্রতিষ্ঠানটিরই। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 02:22 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালে চীনে ‘অ্যাপল পে’ সেবা চালু হবে বলে ঘোষণা দিলেও এর সঠিক দিনটি এখনও জানায়নি অ্যাপল। তবে ফেব্রুয়ারি মাসেই মোবাইল পেমেন্ট সেবাটি চালু হয়ে যাবে—এমনটাই শোনা যাচ্ছে প্রযুক্তিপণ্যের বাজারে।

যুক্তরাষ্ট্রের পর অ্যাপল পণ্যের সবচেয়ে বড় বাজার হল চীন। গেল প্রান্তিকে চীনের বাজারে সাফল্যের বদৌলতে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ব্যাপক হারে। অন্যদিকে চীনের বাজার মিলিয়ে ‘ইউনিয়নপে’-এর সেবা গ্রাহকের সংখ্যা ২৬ কোটি। প্রতিষ্ঠানটির সঙ্গে জোট বাঁধার মাধ্যমে বিপুল সংখ্যক নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ পাবে অ্যাপল।

এ প্রসঙ্গে অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, “চায়না ইউনিয়ন পে-এর সেবা গ্রাহকদের মধ্যে যাদের আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ আছে তারা চায়না ইউনিয়নপে কুইকপাস সেবার মাধ্যমে তাদের ডিভাইস অ্যাপল পে সেবার সঙ্গে সংযোগ দিতে পারবেন।”

তবে চীনের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখী হবে অ্যাপল পে। আলিবাবার ‘আলিপে, টেনসেন্টের ‘উইপে’-এর মতো একাধিক মোবাইল পেমেন্ট সেবা ইতোমধ্যেই চীনের বাজারে ব্যবহৃত হচ্ছে অনলাইন ও অফলাইন কেনাকাটার জন্য। গেল বছর অ্যাপল প্রধান টিম কুক আর আলিবাবা প্রধান জ্যাক মা চীনের বাজারে অ্যাপল পে আর আলিপে এক করার প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে বসেছিলেন, শোনা যায় এমনটাও।