অ্যাপল-এ নতুন সিওও
অ্যাপল-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) পদের দায়িত্ব পাচ্ছেন অ্যাপল ওয়াচ প্রকল্পের প্রধান জেফ উইলিয়ামস। ২০১১ সালে টিম কুক অ্যাপল-এর প্রধান নির্বাহী পদে যোগ দেওয়ার পর থেকে খালি ছিল মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির সিওও-এর পদটি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন উইলিয়ামস। পদোন্নতির আগে প্রতিষ্ঠানটির ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
স্টিভ জবস ২০১১ সালে সিইও পদ ছেড়ে দিলে ওই পদে আসেন টিম কুক এবং এর কিছুদিন পরেই সে সময় অপারেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেফ উইলিয়ামস পদোন্নতি পান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন জেফ সে সময়ের চিফ অপারেটিং অফিসার টিম কুক-এর ‘ডান হাত’ হিসেবে ওই বিভাগে কাজ করতেন। সিলিকন ভ্যালিতে জেফ ইউলিয়ামস ‘টিম কুক-এর টিম কুক’ নামে পরিচিত।
উইলিয়ামসের সাম্প্রতিক এ পদোন্নতি প্রসঙ্গে এক বিবৃতিতে কুক বলেন, “জেফ আমার দেখা সেরা অপারেশনস নির্বাহী”। সিওও হিসেবে উইলিয়ামস অ্যাপলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছে রয়টার্স।
অ্যাপলের সাম্প্রতিক এ সিদ্ধান্ত প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান এফবিআর ক্যাপিটাল মার্কেটস-এর বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, “কুপার্টিনোতে উইলিয়ামস অত্যন্ত সম্মানিত একজন কর্মকর্তা, অ্যাপলের আভ্যন্তরীণ ব্যাপারগুলো অন্য যে কারও থেকে ভাল জানেন তিনি।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ অ্যাপল নির্বাহীর বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পদোন্নতি পাওয়ার আগে থেকেই সিওও পদের দায়িত্ব সামলাচ্ছিলেন উইলিয়ামস।
উইলিয়ামসের পদোন্নতির পাশাপাশি দায়িত্ব বেড়েছে অ্যাপলের গ্লোবাল মার্কেটিং চিফ ফিল শিলার-এর। আগের সব দায়িত্বের সঙ্গে এখন অ্যাপল অ্যাপ স্টোরের ‘নাটাই’ থাকবে ফিল শিলারের হাতে।
