২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিও সামিটে ২৩৫ শিক্ষার্থীর কর্মসংস্থান

৯ থেকে ১০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট ২০১৫। সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বিপিও প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ২৩৫ শিক্ষার্থীর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 02:18 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

সম্মেলনের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সবারই কর্মসংস্থান হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-এর ৬টি সদস্য প্রতিষ্ঠানে। অ্যাসোসিয়েশন এবং আইসিটি বিভাগ আয়োজিত ওই সম্মেলন উপলক্ষ্যে নূন্যতম ২০০ শিক্ষার্থীর চাকরির ব্যবস্থা করার লক্ষমাত্রা আগেই ঠিক করা হয়েছিল। দুই দিনব্যাপী সম্মেলনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন জানান, সম্মেলন উপলক্ষ্যে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ৭ হাজারের বেশি সিভি নেওয়া হয়। সেখান থেকে বাছাই করে বিপিও সম্মেলনে সরাসরি ইন্টারভিউ নেওয়া হয় এবং অনস্পট চাকরির নিয়োগপত্র দেওয়া হয় শিক্ষার্থীদের। জমা হওয়া সিভি থেকে বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে আরও শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশন লিমিটেড (আইএসএসএল) নিয়োগ দিয়েছে ২০ জন শিক্ষার্থী, সার্ভিস সলিউশন লিমিটেড ৫০ জন, মাই আউটসোর্সিং লিমিটেড ২০ জন, ফিফো টেক ২০ জন, ভার্গো কনটাক্ট সেন্টার সার্ভিস লিমিটেড ৪০ জন, জেনেক্স ইনফোসিস লিমিটেড ৫০ জন এবং ডিজিকন ৩৫ জন শিক্ষার্থী নিয়োগ দিয়েছে।