চীনের ‘সাইবার সার্বভৌমত্ব’ রক্ষার ডাক
একে অপরের ‘সাইবার সার্বভৌমত্ব’ আর ভিন্ন ইন্টারনেট পরিচালনা মডেলের প্রতি সম্মান জানাতে সব দেশকে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
কীভাবে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ ও আরও উন্নত করা হবে তা প্রতিটি দেশেরই আলাদাভাবে ঠিক করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশটির রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে জিনপিং এমন বক্তব্য দেন বলে জানিয়েছে বিবিসি।
বিভিন্ন পশ্চিমা ওয়েবসাইট ব্লক করে দেওয়া আর ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়নের কারণে সমালোচিত চীন। ইন্টারনেট নিয়ে বৈশ্বিক নীতিমালা তৈরির ক্ষেত্রে মত প্রকাশ এবং কী সেন্সর করা হবে বা কী বন্ধ করা হবে তা ঠিক করার অধিকার ৬৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর দেশ চীনের থাকা উচিত বলে মনে করেন জিনপিং।
বিদেশি প্রতিষ্ঠান ও সরকারদের ওই সম্মেলনে অংশ না নিতে আহ্বান জানিয়েছিল রিপোর্টার্স উইদাউট বর্ডারস। অনলাইনে সংবাদ প্রকাশের ক্ষেত্রে চীনা সরকারের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ পুরানো। দেশটিতে ৪০ জন সাংবাদিককে কারারুদ্ধ করে রাখা হয়েছে অনলাইনে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের জের ধরে। সংগঠনটির দাবি ছিল, সম্মেলনে বিদেশি প্রতিষ্ঠান ও সরকারের প্রতিনিধিরা অংশ নিলে চীন সরকারের সেন্সরশিপ প্রথাকেই স্বীকৃতি জানানো হবে।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স। অংশ নিয়েছে রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান আর বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের মুখপাত্ররা।
এবারের আয়োজনে ইন্টারনেট নিরাপত্তায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জিনপিং। তিনি বলেন, “এক্ষেত্রে কোনো একপক্ষীয় তত্ত্ব থাকা উচিত নয়। সিদ্ধান্তগুলো এক পক্ষ বা অল্প কিছু পক্ষের মধ্যে আলোচনায় নেওয়া উচিত নয়।”
