ইউরোপে প্রাইভেসি নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন
তথ্য সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুযায়ী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাৎসারিক আয়ের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
বিবিসি জানিয়েছে, প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাধ্য করতে আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষজ্ঞদের ভাষ্য, শেষ ২০ বছরের প্রাইভেসি নীতিমালায় এটি সবচেয়ে বড় পরিবর্তন।
এই পরিবর্তনের জন্য প্রাইভেসি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ‘বোর্ড-লেভেল’ ইসুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন এক আইনজীবী। আরেক আইনজীবী পিটার চার্চ বলেন, “এর ফলে প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলো আরও বেশি গুরুত্বের সঙ্গে নিতে শুরু করবে।”
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইউরোপীয় ব্যবস্থাপকদের সম্পর্কে টানাপোড়েন চলছে। প্রাইভেসি নীতিমালার জন্য গুগল আর কুকিজ ব্যবহারের কারণে ফেইসবুক বড় অংকের জরিমানার মুখে পরতে পারে ইউরোপিয়ান ইউনিয়নে।
যদিও ২০১৮ সালের আগে নতুন এই নীতিমালা কার্যকর করা হবে না, তারপরও এর ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ‘নীতিনির্ধারকরা কী বলছেন তার দিকে’ আরও বেশি নজর রাখতে হবে বলে জানান চার্চ।
ইউরোপিয়ান আইনে সম্ভাব্য যে পরিবর্তনগুলো আসছে সেগুলো হল:
• গুরুতর ডেটা চুরির ঘটনায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ৭২ ঘন্টার মধ্যে নীতিনির্ধারকদের জানাতে হবে।
• অদূর ভবিষ্যতে ভোক্তার সকল প্রকার ওয়েব ইতিহাস মুছে দেওয়ার ক্ষেত্রে অনুরোধ করার অধিকার থাকতে হবে।
• ভোক্তাকে তার প্রয়োজনীয় তথ্য এক প্রতিষ্ঠানের সেবা থেকে অন্য প্রতিষ্ঠানের সেবায় পাঠানোর অধিকার দিতে হবে।
• উল্লেখযোগ্য পরিমাণে ডেটা ব্যবস্থাপনা করে এমন প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রতিরক্ষার জন্য
একজন কর্মকর্তা থাকতে হবে।
