২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক-উবার জোট

মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের পরিবহন সেবা দেওয়ার জন্য অনলাইনভিত্তিক পরিবহণ নেটওয়ার্ক উবারের সঙ্গে জোট বাঁধছে ফেইসবুক। নতুন ওই ফিচারের মাধ্যমে উবার অ্যাপ ছাড়াই সরাসরি ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে উবার-এর পরিবহন সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মেসেঞ্জার অ্যাপের নতুন ফিচার নিয়ে পরীক্ষার-নিরীক্ষার খবর বুধবার নিশ্চিত করেছে ফেইসবুক।

এ প্রসঙ্গে ফেইসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীদের পরিবহন সেবা দিতে তাদের প্রথম অংশীদার প্রতিষ্ঠান হচ্ছে উবার। যুক্তরাষ্ট্রের যে সব অঞ্চলে উবার সেবা দেয় সে সব অঞ্চলের নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ওই সেবা পাবেন। ২০১৬ সালের জানুয়ারিতে উবার প্রতিদ্বন্দ্বী ‘লিফট’-এর সঙ্গেও একই ধরনের ব্যবসায়িক জোট তৈরি করতে যাচ্ছে ফেইসবুক।

ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে পরিবহন সেবা দেওয়ার বিষয়টি বুধবার থেকেই শুরু হয়েছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে উবার। সেবাটি পেতে ব্যবহারকারীদের যা করতে হবে তা হল, ফেইসবুক মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণের মেনু থেকে ‘ট্রান্সপোর্টেশন’ অপশনটি সিলেক্ট করতে হবে। এ ছাড়াও চ্যাট করার সময় ‘কার’ আইকনে ট্যাপ করেও ওই সেবা নেওয়া যাবে।

ফেইসবুকের সাম্প্রতিক এ পদক্ষেপ প্রসঙ্গে গার্টনার-এর ভাইস প্রেসিডেন্ট থিলো কসলোওস্কি বলেন, “ফেইসবুক এই পদক্ষেপের মাধ্যমে মেসেঞ্জারকে আরও আকর্ষণীয় করতে চাইছে।” মেসেঞ্জারের অভিষেকের পর থেকেই ফেইসবুক ওই অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক নতুন ফিচার যোগ করেছে।