২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়ায় চলবে অ্যালফাবেটের চালববিহীন গাড়ি!

চালকবিহীন গাড়ির মাধ্যমে পরিবহন সেবা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন টেক জায়ান্ট গুগল। তবে সরাসরি গুগলের নিয়ন্ত্রণে থাকবে না ওই পরিবহন সেবা। বরং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর অধীনে পরিচালিত হবে ওই পরিবহন ব্যবসাটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 04:41 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুরুর দিকে স্যান ফ্রান্সিসকো, অস্টিন ও টেক্সাসে অভিষেক হতে পারে চালকবিহীন গাড়ির পরিবহন সেবার। ওই অঞ্চলগুলোতেই নিজস্ব ‘ড্রাইভারলেস কার’ নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা চালিয়েছে গুগল।

অন্যদিকে ওই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক গোপন সূত্রের বরাত দিয়ে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট ব্লুমবার্গ জানিয়েছে, প্রথমদিকে বিভিন্ন কলেজ ক্যাম্পাস, সামরিক ঘাঁটি বা কর্পোরেট অফিস পার্ক-এর মতো স্থানগুলোতে চালু হতে পারে চালকবিহীন গাড়ির পরিবহন সেবা। বিষয়টি সম্পর্কে অ্যালফাবেট ইনকর্পোরেটেড কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

চলতি বছরের অগাস্টে আমূল পরিবর্তন এসেছে গুগলের ব্যবসায়িক কাঠামোতে। মূল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড। অ্যালফাবেট-এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে গুগলের অধীনে আছে, সার্চ, বিজ্ঞাপন, ম্যাপস, ইউটিউব এবং অ্যান্ড্রয়েড ব্যবসা। আর সরাসরি অ্যালফাবেটের নিয়ন্ত্রণে আছে গৃহস্থালি প্রযুক্তি পণ্য নির্মাতা নেস্ট, গুগল ভেঞ্চার্স এবং প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগ গুগল এক্স। চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ির প্রকল্পটিও ওই গুগল এক্স-এরই অংশ বলে জানিয়েছে রয়টার্স।

২০০৯ সালে চালকবিহীন গাড়ির প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছিল গুগল। পরবর্তীতে অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে গুগলও জানিয়েছিল, ২০২০ সাল নাগাদ বাণিজ্যিক যাত্রা শুরু হবে স্বয়ংক্রিয় গাড়িগুলো।