ভারতমুখী পিচাই
নতুন পণ্য ও সেবা পরীক্ষার জন্য ভারতের বাজারকে বেছে নেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন গুগল সিইও সুন্দার পিচাই। উন্নয়নশীল দেশটির কয়েক কোটি গ্রাহক আগামী কয়েক বছরের মধ্যে ইন্টারনেট সংযোগের আওতায় আসবেন। নতুন এই গ্রাহকদের নিজস্ব সেবার আওতায় পাওয়ার লক্ষ্যেই বুধবার ওই প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
ভারতীয় বংশদ্ভুত পিচাই গুগল প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন চলতি বছরের অগাস্ট মাসে। “ভারতে আমরা যা গড়তে যাচ্ছি সেটি বিশ্বের বিভিন্ন স্থানে প্রয়োগ করা হবে।”-- নয়াদিল্লির এক ইভেন্টে পিচাই এমন মন্তব্য করেন বলে জানিয়েছে রয়টার্স।
বর্তমানে উন্নত বিশ্বের ৯০ শতাংশই ইন্টারনেট সংযোগের আওতায় আছে। এমন পরিস্থিতিতে গুগল ভবিষ্যতে ব্যবসা প্রসারের উর্বর খাত হিসেবে বিবেচনা করছে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোকে। তবে ভারতে কী পরিমাণ বিনিয়োগ করা হয়েছে সে সম্পর্কে কোন তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।
২০১৮ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছাবে বলে আশা করছে গুগল। তবে এর সিংহভাগ ব্যবহারকারী ডেস্কটপের বদলে সস্তায় কেনা স্মার্টফোনের উপর নির্ভরশীল হবেন, আর স্মার্টফোনগুলোর ইন্টারনেট সংযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় সফটওয়্যার ও ব্যবসায় অবকাঠামো নিয়ে গুগলকে নতুন করে ভাবতে হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
এই সমস্যা মোকাবেলায় ২০১৯ সালের মধ্যে ২০ লাখ ভারতীয় ডেভেলপারকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, গ্রামাঞ্চলের নারীদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে প্রচারণা চালানো হবে এবং হায়দ্রাবাদে গুগলের নতুন ক্যাম্পাস চালু করা হবে বলে জানিয়েছেন পিচাই।
ভারত সফরে এসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পিচাই বলেন, “পরবর্তী ১শ’ কোটি যখন অনলাইনে আসবেন তখন তারা যেন সহজে অ্যাক্সেস পান, সেটা নিশ্চিত করাই মূল ব্যাপার”।
গুগলের এক সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতে সম্ভবত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যাই বেশি।
