ওএলইডি ডিসপ্লে নিয়ে গবেষণায় অ্যাপল
ওএলইডি (অর্গানিক লাইটি-এমিটিং ডায়োডস) প্রযুক্তির ডিসপ্লে নিয়ে গবেষণা চালাতে তাইওয়ানে নিজেদের নতুন গবেষণাগার চালু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আরও পাতলা এবং বিদ্যুৎ সাশ্রয়ী ওএলইডি ডিসপ্লে বানানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, তাইওয়ানে অ্যাপলের যে গবেষণাগার রয়েছে, তার অন্তত ৫০ জন প্রকৌশলী উন্নত প্রযুক্তির ওএলইডি ডিসপ্লে বানানোর গবেষণায় অংশ নিচ্ছেন।
‘ওএলইডি’ ডিসপ্লেগুলো আইফোন এবং আইপ্যাড নির্মাণে ব্যবহার করা হবে। নতুন গবেষণাগারের জন্য তাইওয়ানের ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান এইউ অপট্রনিক্স এবং মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ইনকর্পোরেটেড থেকে কর্মী সংগ্রহ করেছে অ্যাপল।
বর্তমানে প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে, ওএলইডি ডিসপ্লেকে কীভাবে আরও চিকন, হালকা এবং আরও কার্যকর করা যায়। তবে গবেষণার অগ্রগতি কত দূর সে বিষয়টি বরাবরের মতো এবারও গোপন রেখেছে মার্কিন এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
অ্যাপল অন্য প্রতিষ্ঠানের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে-- সাম্প্রতিক পদক্ষেপ এমনটাই ইঙ্গিত করে বলে মন্তব্য করেছে এনগ্যাজেট।
যদি নিজস্ব গবেষণাগার থেকে আশানরূপ ফলাফল পাওয়া যায় তবে যন্ত্রাংশের জন্য তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠানের উপর অ্যাপলের নির্ভরতা অনেকটা কমে আসবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক ওই সাইটটি।
নিজস্ব ডিভাইসের বেশ কিছু যন্ত্রাংশের জন্য অ্যাপল এখনও স্যামসাং, এলজি এবং শার্পের মতো বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উৎপাদকের উপর নির্ভরশীল।
