২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোশিবায় কর্মী ছাটাই, উৎপাদন হ্রাস

আর্থিক কেলেংকারির ধাক্কা কাটিয়ে উঠতে ৬ থেকে ৭ হাজার কর্মী ছাটাই করার পরিকল্পনা করছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা ইনকর্পোরেটেড। প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি কর্মী ছাটাই করবে নিজেদের লাইফস্টাইল বিভাগ থেকে। গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য তোশিবার ডিজাইন করা বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর উৎপাদনও ওই বিভাগের অন্তর্ভুক্ত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

শুধু কর্মী ছাটাই নয়, টোকিও-তে অবস্থিত নিজেদের ওমে ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমও কমিয়ে আনতে যাচ্ছে তোশিবা। তোশিবার ওই কারখানাটিতে টেলিভিশন এবং পার্সোনাল কম্পিউটার তৈরি করা হত বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

তোশিবা টেলিভিশন উৎপাদন একেবারেই বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক জাপানি দৈনিক নিককেই।

টানা ৭ বছর ধরে মুনাফার পরিমাণ বাড়িয়ে বলে শেষ পর্যন্ত ধরা পরে যায় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এই প্রতিষ্ঠানটি। ওই ঘটনার জের ধরে চলতি বছরের জুলাইয়ে পদত্যাগ করেন তোশিবার প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট এবং শীর্ষ পর্যায়ের ছয়জন কর্মকর্তা।

আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পর থেকেই একের পর একে জটিলতার মুখে পরছে তোশিবা। এমনকি জাপানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ সার্ভেইলেন্স কমিশন (এসইএসসি) তোশিবা-কে জরিমানা করার জন্য দেশটির ফিনান্সিয়াল সার্ভিস এজেন্সি-এর কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে।

কর্মী ছাটাই ও কারখানার কার্যক্রম কমানো প্রসঙ্গে তোশিবা তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে আর্থিক কেলেঙ্কারির জের ধরে শেয়ার বাজারেও সুবিধা করে উঠতে পারছে না তোশিবা। চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ৪৩ শতাংশ।