মায়ারকে সরালেই বাঁচবে ইয়াহু!
দেয়ালে পিঠ ঠেকে গেছে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুর। একের পর এক বৈঠক আর কখনো প্রতিষ্ঠান বিক্রি, কখনো আবার আলিবাবায় থাকা শেয়ার বিক্রি এমন ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ভাবনা, কিন্তু কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত তা ঠিক করতেও সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রতিষ্ঠানটি।
এমতাবস্থায় কী হতে পারে পরিত্রাণের উপায়? প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এসেছেন ইয়াহু এর একজন বিনিয়োগকারী এরিক জ্যাকসন। ৯৯ স্লাইডের এক উপস্থাপনায় বর্ণণা করেছেন ইয়াহুকে বাচাঁতে নিজের পরিকল্পনার কথা।
কী ছিল সেই পরিকল্পনায়? শিরোনাম পড়ে কেউ অবাক হয়ে থাকলে, এবার পরিষ্কার হবেন তারা। বর্তমান প্রধান নির্বাহী মারিসা মায়ারকে সরিয়ে 'অপারেশনস ফোকাসড' প্রধান নির্বাহী আনার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ কর্মীকে সরানো, আর এশিয়ায় থাকা সম্পত্তির কর ব্যবস্থাপনায় একজন কৌশলগত অংশীদার আনার কথাও বলেছেন তিনি।
প্রতিষ্ঠানের বাৎসরিক খরচ ২শ' কোটি ডলার কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি। এজন্য ১১ হাজার ৯শ' কর্মী থেকে ৯ হাজারজনকে ছাঁটাই, বিনামূল্যে খাবার দেওয়ার মতো ভাতা দেওয়া বন্ধ, আলিশান প্রধান কার্যালয় বিক্রি করে শুধু অফিসের জন্য যতটুকু জায়গা দরকার তা লিজ নেওয়ার মতো পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।
'মারিসা মায়ার সুগের অবসান ঘটার বার্তা' দিতে ইয়াহুকে আবার তাদের পুরনো লোগোতে ফিরে যেতে আর স্যান ফ্রানসিসকোর মহাসড়কে নিজেদের ঐতিহাসিক বিলবোর্ডকে পুনরূজ্জীবিত করতে পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে ইয়াহুর একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
ইয়াহুর সবচেয়ে বড় দুই শেয়ারধারী প্রতিষ্ঠান স্টারবোর্ড ভ্যালু এলপি আর ক্যানিয়ন ক্যাপিটাল অ্যাডভাইজারস এলএলসি প্রতিষ্ঠানটির মূল ব্যবসা বিক্রি করে দিতে বললেও, এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন এরিক। ইয়াহুকে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাড়াঁতে প্রস্তাবনা দিয়েছেন তিনি।
ইয়াহুর পরিচালনা পর্ষদকে চাপ দিতে নিজের ৬৭ হাজার টুইটার ফলোয়ারকে কাজে লাগানোর আশা করছেন তিনি।
কয়েক বছর ধরে ইয়াহুর শেয়ার মালিক হওয়ার সঙ্গে মারিসা মায়ারের একজন সমালোচক হিসেবেও পরিণত হয়েছেন তিনি। এমনকি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী টেরি সেমেলকে ফিরিয়ে আনতে চালানো প্রচারণায় সমর্থনও জুগিয়েছেন তিনি।
