সাউথ চায়না মর্নিং পোস্ট এখন আলিবাবার
২৬ কোটি ৬০ লাখ ডলারের বিনিময়ে হংকং-এর ১১২ বছরের পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) কিনে নিয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের মালিকানায় পত্রিকাটির আগের স্বত্ত্বা বিলীন হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
হংকং স্টক এক্সচেঞ্জ-এর এক তালিকা থেকে জানা গেছে শুধু ‘এসসিএমপি’ পত্রিকা নয়, এর পাশাপাশি পত্রিকাটির ম্যাগাজিন ও অন্যান্য মিডিয়া সম্পদ, বিজ্ঞাপন ব্যবসা এবং ডিজিটাল মিডিয়াও কিনে নেবে চীনা ই-কমার্স প্রতিষ্ঠানটি। শুক্রবার এ চুক্তির ব্যাপারে ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোন প্রকারের আর্থিক লেনদেন হয়নি বলেই জানিয়েছে এবিসিনিউজ।
আলিবাবার কাছে বিক্রি হয়ে যাওয়া সংবাদপত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট নিজ নথিতে জানিয়েছে, বর্তমানে তাদের প্রতিষ্ঠানটির প্রকাশনা ভবিষ্যত ‘অনিশ্চিত’, আলিবাবা এ পত্রিকার জনপ্রিয়তা এবং মান বর্তমান অবস্থা থেকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। অন্যদিকে বিগত সপ্তাহে আলিবাবার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জো টিসাই এক বার্তায় পাঠকদের জানিয়েছেন, তারা প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ চীন কেন্দ্রীক করতে চাচ্ছেন এবং আর্ন্তজাতিক পাঠকদের সংখ্যাও বাড়াতে চাচ্ছেন।
তবে আগে হংকং-এর এই পত্রিকাটি যেভাবে চীনের মূল ভূখণ্ডের নানা প্রতিবেদন প্রকাশ করতে পারত, বিক্রি হওয়ার পরও একই ধারা বজায় রাখতে পারবে কিনা সে প্রশ্ন এখনও রয়েই গেছে বলে মন্তব্য করেছে এবিসিনিউজ।
