যুক্তরাষ্ট্রে হুয়াওয়েই-এর নতুন পণ্য
২০১৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ডেটা স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান হতে চায় চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়েই। এখন এটি আর শুধু কথাতেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক এক খবরে জানা যায়, ইতোমধ্যে লক্ষ্যে পৌছাতে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, প্রতিষ্ঠানটির কর্মকর্তা জর্জ ঝাও জানিয়েছেন ২০১৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শো-তে ঘোষণার মাধ্যমে যতো শিগগির সম্ভব নিজেদের অনার ব্র্যান্ডের স্মার্টফোন আনতে যাচ্ছে তারা। এর মাধ্যমে মার্কিন বাজারে নিজেদের মোবাইল ফোন বাজারের পরিসর বাড়ানোর চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।
অনেক চীনা ফোন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পছন্দ না হলেও, হুয়াওয়েই এমন পদক্ষেপ নিল। তবে, ‘অদ্ভুত’ নাম আর নিরাপত্তা ভীতির কারণে যুক্তরাষ্ট্রে অনারের অনেক ক্রেতা হারাতে পারে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি হুয়াওয়েই-এর স্টোরেজ প্রোডাক্ট লাইন প্রেসিডেন্ট ফ্যান রুইকি বলেন, “আমরা শুধু চীনে ১ নম্বর থাকতে চাইনা, ২০১৮-এর মধ্যে বিশ্বের প্রথম তিনের মধ্যে থাকতে চাই”।
ডেটা স্টোরেজের বাজারে আধিপত্য বাড়াতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের দিকে নজর রয়েছে প্রতিষ্ঠানটির। ডেটা স্টোরেজ খাতে প্রতি বছর ৬০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন রুইকি।
পশ্চিম ইউরোপ, ইতালি আর স্পেইনে হুয়াওয়েই-এর অবস্থান শক্তিশালী বলে জানিয়েছেন তিনি। ২০১৮-এর মধ্যে ডেটা স্টোরেজ খাতে হুয়াওয়েই-এর আয় ২শ’ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করছেন তিনি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার-এর প্রতিবেদন অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের স্টোরেজ ব্যবসার এক চতুর্থাংশ ছিল শেনজেন ভিত্তিক হুয়াওয়েই-এর দখলে।
বিশ্ব বাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫৩০ কোটি মার্কিন ডলার।
