২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মুখ খুললেন পিচাই

একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে এখন আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তার মুসলিমবিরোধী বক্তব্যের জের ধরে এবার মুখ খুলেছেন গুগল প্রধান সুন্দর পিচাই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

এক বিবৃতিতে সুন্দর পিচাই বলেন, “লক্ষ বার বলা হয়েছে আমেরিকা হচ্ছে লাখ লাখ অভিবাসীর জন্য সুযোগের দেশ', এটি কোনো অবাস্তব ধারণা নয়, বরং আমরা এখানে যা পাই তার একটি বাস্তব বর্ণনা। একারণে, শুধু কোথা থেকে আগত বা কোন ধর্মের তার উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি গোষ্ঠীর বক্তব্য, ধারণা আর অবদান ছাড়া দেশ আরও উন্নত জায়গা হত- বর্তমান মিডিয়ায় এমন বক্তব্যের প্রচার দেখাটা অনেকটাই হৃদয়বিদারক।” 

ট্রাম্পের ‘লাগামহীন’ বক্তব্যের বিপরীতে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে সিলিকন ভ্যালির হর্তাকর্তাদের অনেকেই। সেই তালিকায় গুগল প্রধানের নামটি সর্বশেষ যোগ হল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

এর আগে ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবার ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, ফেইসবুক মুসলিমদের ‘অধিকার রক্ষায় লড়বে’ এবং ‘একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ’ তৈরিতে কাজ করবে।

অভিবাসন সিলিকন ভ্যালির হর্তাকর্তাদের কাছে একটি আলাদা উদ্বেগের বিষয়। নিজের প্রতিষ্ঠানে তারা সবসময়ই সারা বিশ্বের মেধাবীদের আনতে চান। আর এক্ষেত্রে মার্কিন সরকার বিপরীতমুখী কোনো নীতিমালা নিলে সেটা তাদের বিরুদ্ধেই যাবে।

পিচাই তার বিবৃতিতে আরও বলেন, “আমি এটা পোস্ট করবো কিনা তা নিয়েও দ্বিধায় ছিলাম, কারণ শেষ পর্যন্ত এমন সমালোচনা এই তর্কে আরও অক্সিজেন যোগাবে। তবে, আমার মনে হল আমাদের অবশ্যই কিছু বলা উচিত, বিশেষত আমরা যারা এই আক্রমণের শিকার নই, তাদের।”