২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার হটালেই সমস্যার সমাধান!

অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোব্লগিং সেবা টুইটারের অ্যাপ সরিয়ে দেওয়া উচিত- মার্কিন ব্যবসায়ী, সিনেমা নির্মাতা ও টিভি ব্যাক্তিত্ব মার্ক কিউবান এমন মন্তব্য করেছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

যতদিন পর্যন্ত টুইটার তাদের সাইট থেকে ‘আপত্তিকর’ টুইট, ছবি আর ভিডিও সরানোর একটি যথাযথ উপায় খুঁজে না পাবে ততদিন পর্যন্ত অ্যাপলের অ্যাপ স্টোরে টুইটারের অ্যাপ দেখতে চান না এই মার্কিন ধনকুবের।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে কয়েকটি টুইটে অ্যাপলের অ্যাপ রিভিউ নীতিমালার সমালোচনা করেছেন কিউবান। সেই সঙ্গে অ্যাপলকে তাদের নিজস্ব নীতিমালা মেনে চলতেও আহ্বান জানিয়েছেন তিনি।

টুইটে কিউবান বলেন, “ইউজিসি (ইউজার জেনারেটেড কনটেন্ট) আর পারসোনাল অ্যাটাক নীতিমালা লঙ্ঘনের দায়ে অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটার কীভাবে না সরায়? কয়েক দিনের জন্য অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ সরিয়ে দাও, তারা সব আপত্তিকর কনটেন্ট সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই করবে”।

এক্ষেত্রে, কোন আপত্তিকর কনটেন্টগুলো নিয়ে বলছেন তা নির্দিষ্ট করেননি কিউবান। কিন্তু আইএসের মতো জঙ্গীসংগঠনগুলোর প্রচারণা ও সদস্য নিয়োগের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সামাজিক মাধ্যমটি বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। কিউবান কি আইএস সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোকে ইঙ্গিত করেই বলছেন কিনা সে প্রশ্ন করা হলেও তিনি কোনো জবাব দেননি।

অ্যাপল অ্যাপ স্টোরের ‘পারসোনাল অ্যাটাক’ আর ‘ভায়োলেন্স’ বিষয়ক নীতিমালায় বলা আছে, “ইউজার জেনারেল কনটেন্ট প্রদর্শনকারী অ্যাপগুলোর অবশ্যই আপত্তিকর কনটেন্ট ফিল্টার করার উপায় থাকতে হবে, যা দিয়ে ব্যবহারকারী আক্রমণাত্মক কনটেন্ট চিহ্নিত করতে পারবেন আর অবমাননাকর ব্যবহারকারীদের ওই সেবা থেকে ব্লক করতে পারবেন।”

অন্যান্য অ্যাপের উদাহরণ টেনে কিউবান বলেন, “অ্যাপ স্টোরে থাকার জন্য ইনস্টাগ্রাম নগ্ন স্তনের ছবি পোস্ট করা প্রতিরোধ করতে পারলে আমি নিশ্চিত টুইটারও সমাধান বের করতে পারবে।”

এতেই থেমে থাকেননি কিউবান। টুইটারকে অ্যাপলের আলাদা কোনো সুবিধা দিচ্ছেন কিনা, এমন প্রশ্নও তুলেছেন তিনি। “অন্যান্য অ্যাপকে হুমকি দিতে অ্যাপলের কোনো সমস্যা হয় না, টুইটারের বেলায় নয় কেন?”--বলে অ্যাপলের দিকেও আঙুল তুলেছেন কিউবান। 

কিউবানের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল বা টুইটার, দুই প্রতিষ্ঠানের কেউই।