অফিসের জন্য ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’
শীঘ্রই পেশাদারদার জন্য ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’ নামে ফেইসবুকের একটি ভিন্ন সংস্করণ চালু করতে যাচ্ছে ফেইসবুক ইনকর্পোরেটেড। প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা ফেইসবুকের এই অফিসিয়াল সংস্করণটি সম্পর্কে নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় এক বছর পরীক্ষাধীন থাকা ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’ আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ করার সম্ভাবনা রয়েছে।
নতুন সেবা ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’-এর সঙ্গে ফেইসবুকের মূল সাইটের যথেষ্ট মিল রয়েছে, বাদ দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু ফিচার। ‘ফেইসবুক অ্যাট ওয়ার্ক’-এর মাধ্যমেও নিউজফিড স্ক্রল করা, লাইক দেওয়া এবং বন্ধুদের সঙ্গে ‘চ্যাট’ করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে ফেইসবুকের গ্লোবাল প্লাটফর্ম পার্টনারশিপস-এর পরিচালক জুলিয়াঁ কদখনিউ বলেন, “আমি বলব, ফেইসবুকের জন্য এ পর্যন্ত আমরা যা ডেভেলপ করেছি, তার ৯৫ শতাংশই ফেইসবুক অ্যাট ওয়ার্ক-এ রাখা হয়েছে।”
ফেইসবুক অ্যাট ওয়ার্ক ব্যবহারকারীদের জন্য ওই প্লাটফর্মটিতে বিশেষ প্রোফাইল থাকবে এবং ওই প্রোফাইলটি ব্যবহারকারীর মূল ফেইসবুক সাইটে থাকা প্রোফাইল থেকে আলাদা হবে বলে জানিয়েছে রয়টার্স। ফেইসবুকের নতুন এই সংস্করণের জন্য প্রতিষ্ঠানটি নিরাপত্তা টুল-এর মতো বিভিন্ন নতুন টুল তৈরি করছে বলে জানান কদখনিউ।
চলতি বছরের জানুয়ারি থেকে ফেইসবুক এই সেবাটির বেটা-সংস্করণ পরীক্ষা করছে এবং সেবাটিকে বিনামূল্যে ‘ইনভাইট-অনলি’ পর্যায়ে রেখে কিছু প্রতিষ্ঠানকে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, লঞ্চ করার পর সব প্রতিষ্ঠানই সেবাটি ব্যবহারের সুযোগ পাবে। তবে ফেইসবুক অ্যাট ওয়ার্ক-এর জন্য গাঁটের পয়সা খরচ করতে হতে পারে প্রতিষ্ঠানগুলোর। বিনিময়ে ‘অ্যানালিটিক্স’ এবং ‘কাস্টোমার সাপোর্ট’-এর মতো প্রিমিয়াম সেবা মিলবে।
