ড্রোন বাহিনী নিয়ে মার্কিন তৎপরতা
নিজেদের ড্রোন প্রকল্পের জন্য কয়েক হাজার নতুন কর্মী নিয়োগ দিতে চাইছে মার্কিন বিমান বাহিনী। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত এক প্রস্তাবনায় নাটকীয়ভাবে ড্রোন প্রকল্পের প্রসার ঘটানোর পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
প্রস্তাবিত ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কংগ্রেস-এর সম্মতির প্রয়োজন পড়বে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
মার্কিন বিমানবাহিনীর নতুন এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে ৩শ’ কোটি মার্কিন ডলার। কংগ্রেসের অনুমোদন পেলে সাড়ে ৩ হাজার নতুন পাইলট এবং ৭৫টি ‘রিপার’ ড্রোনসহ বিভিন্ন পদে নতুন নিয়োগ দেবে বাহিনীটি। ফ্লাইং স্কোয়াড্রনের সংখ্যাও ৮ থেকে ১৭তে পৌঁছাবে।
নতুন নিয়োগপ্রাপ্ত পাইলট ও অন্যান্যদেরকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের বিমান ঘাঁটিতে পাঠানো হবে। প্রতিটি বিমান ঘাঁটিতে ৪শ’ থেকে ৫শ’ নতুন পাইলট এবং কর্মী পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন বিমান বাহিনী। বর্তমান পাইলটদের কাজের বোঝা কমাতেই নতুন এ পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে ভার্জ। ড্রোন বাহিনীতে বর্তমান পাইলটদের প্রচণ্ড কাজের চাপ সহ্য করতে হয় বলে জানিয়েছে সাইটটি।
চলতি বছরের নভেম্বর মাসেই মার্কিন বিমান বাহিনীর সাবেক চার ড্রোন পাইলট এক খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের ড্রোন প্রকল্প প্রসঙ্গে লিখেছিলেন, “এটি হচ্ছে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার বিপরীতে বিশ্বের অন্যতম বিধ্বংসী শক্তি।”
