টর: টুইটারের দাওয়াই!
সরকার সমর্থিত হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়ে থাকতে পারেন এমন ব্যবহারকারীদের সতর্ক করা শুরু করেছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। এক্ষেত্রে সরকার নিয়োজিত হ্যাকারদের সাইবার হামলা মোকাবেলা নিয়ে প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সুনির্দিষ্ট কাঠামোর অভাবে ঠিক কোন কোন দেশের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্যবহারকারীদের ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ওয়েব জায়ান্ট গুগল নিজ ব্যবহারকারীদের এই ধরনের হ্যাকিংয়ের চেষ্টা সম্পর্কে সতর্ক করার কাজ শুরু করেছে টুইটার-এর আগেই।
সামাজিক মাধ্যমগুলো যদি মনে করে, তাদের কোনো ব্যবহারকারী ‘হয়তো’ সরকারি সাইবার আক্রমণের শিকার হচ্ছেন, তাহলে তারা ওই ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। সম্প্রতি টুইটার নিজেদের বেশ কিছু ব্যবহারকারীকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে এবং ব্যক্তিগত ডেটা নিরাপদ রাখার জন্য নানা পরামর্শ দিয়েছে। নিজস্ব ব্যবহারকারীদেরকে প্রয়োজনে ‘টর’ ব্রাউজার ব্যবহারের পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
সরকার নিয়োজিত ওই হ্যাকাররা ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস, নেটওয়ার্ক সংযোগ সম্পর্কে নানা তথ্য এবং ফোন নম্বর সংগ্রহ করার চেষ্টা করে বলেই জানিয়েছে এনগ্যাজেট। হ্যাকাররা এখনও কোনো অ্যাকাউন্টের ডেটা হাতিয়ে নিতে পেরেছে বলে মনে করছে না টুইটার কর্তৃপক্ষ। তারপরও সতর্ক করে দেওয়া হয়েছে ব্যবহারকারীদের।
আর সরকার নিয়োজিত এসব হ্যাকাররা সাধারণত ‘অ্যাক্টিভিস্টস’ এবং ‘সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ’-দের টার্গেট করে বলে জানিয়েছে এনগ্যাজেট।
