২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিও-তে ‘ড্রোন পুলিশ’

সন্ত্রাসী হামলায় ড্রোন ব্যবহারের আশঙ্কা মোকাবেলায় নতুন উদ্যোগ নিয়েছে জাপানের পুলিশ বাহিনী। সন্দেহজনক ড্রোনকে আটকাতে নিজস্ব ড্রোন স্কোয়াড বানিয়েছে টোকিও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 05:17 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

সন্দেহজনক ড্রোন দেখলেই অপারেটরকে প্রথমে লাউড স্পিকারে সতর্ক করবে পুলিশ। অপারেটরের কাছ থেকে কোন সাড়া পাওয়া না গেলে নিজস্ব ড্রোন পাঠাবে পুলিশ, যা জাল দিয়ে প্রথম ড্রোনটিকে ধরে মাটিতে নামাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলো রক্ষা করতেই এমন উদ্যোগ নিয়েছে টোকিও পুলিশ। এবছরের এপ্রিলে তেজস্ক্রিয় দ্রব্যসহ একটি ড্রোন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে নামে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরে এই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তারও করা হয় বলে জানিয়েছে বিবিসি।

ড্রোন স্কোয়াড সম্পর্কে দেশটির নিরাপত্তা ব্যুরোর একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ড্রোনের মাধ্যমে বিস্ফোরকদ্রব্য দিয়ে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। ড্রোন স্কোয়াডের মাধ্যমে এরকম আক্রমণ থেকে দেশকে রক্ষা করা যাবে।” এছাড়াও একটি ভিডিওতে দেখানো হয় কী ভাবে ওই ড্রোন স্কোয়াড অন্য ড্রোনকে ধরতে পারে।

জাপানে এয়ারপোর্ট, পাওয়ার প্ল্যান্ট এবং রাস্তার উপর দিয়ে ড্রোন উড়ানোর উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও ১৫০ মিটারের বেশি উঁচুতে ড্রোন উড়ানো যাবে না দেশটিতে। টোকিও এবং ওসাকা শহরে পার্কেও ড্রোন উড়ানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে।

বর্তমানে বিশ্বের অনেক দেশেই ড্রোন উড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোনের মালিককে নিবন্ধন করার আইন রয়েছে।